অযত্নে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের বাড়ি
অযত্ন আর অবহেলায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাড়িটি নিশ্চিহ্ন হওয়ার উপক্রম হয়েছে। সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে কালের সাক্ষী এ বাড়ি মাটির সঙ্গে মিশে যাবে বলে জানিয়েছেন বীরশ্রেষ্ঠর পরিবারের সদস্যরা।গত ২৭ জানুয়ারি উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামে মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে দেখা গেছে, পুরোনো চুন-সুরকি দিয়ে তৈরি নান্দনিক বাড়িটি সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাঁর ভাইয়ের ছেলে মো. ছাব্বির হোসেন প্রথম আলোকে বলেন, ‘চাচার একমাত্র স্মৃতিচিহ্ন এ দালান। এখানেই থাকতেন তিনি। সংস্কার ও সংরক্ষণ না করায় এটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আমাদের এমন সামর্থ্য নেই, যা দিয়ে এর সংস্কারের উদ্যোগ নেব।’স্থানীয় সূত্রে জানা গেছে, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের সাতজন বীরশ্রেষ্ঠর বাড়িতে গ্রন্থাগার ও জাদুঘর নির্মাণ করা হয়েছে। ওই উদ্যোগের অংশ হিসেবে মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়িসংলগ্ন স্থানে নির্মাণ হয় গ্রন্থাগার ও জাদুঘর। কিন্তু দর্শনার্থীদের আকৃষ্ট করতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে গ্রন্থগার ও স্মৃতি জাদুঘর ফাঁকাই পড়ে থাকে। সবচেয়ে বেশি অবহেলায় রয়েছে তাঁর বসতবাড়ি।জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফরিদউদ্দিন অভিযোগ করেন, সরকার শুধু একটি স্থাপনা নির্মাণ করে বেশকিছু বই দিয়ে দায়িত্ব শেষ করেছে। কিন্তু এখানে আসার যোগাযোগব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। মাত্র তিন কিলোমিটার সড়ক নির্মাণ না হওয়ায় প্রায় ১৫ কিলোমিটার ঘুরে মানুষকে এখানে আসতে হয়। রহিমগঞ্জ গ্রামের ৭৫ বছর বয়সের আবদুল গণি মিয়া জানান, স্মৃতি জাদুঘরে তেমন কোনো স্মৃতিচিহ্ন নেই। পরিবারের পক্ষ থেকে দু-একটি জিনিস রাখা হয়েছে।মহিউদ্দিন জাহাঙ্গীরের একমাত্র ভাই মো. মঞ্জুর রহমান প্রথম আলোকে জানান, স্মৃতি জাদুঘরে যদি কোনো কিছু না থাকে, তাহলে জাদুঘর করার মানে কী? তিনি যেসব স্থানে যুদ্ধ করেছেন, সেসব স্থানের সচিত্র ছবি থাকলেও মানুষ তাঁর অবদানের কিছু বিষয় জানতে পারত।’গ্রন্থাগারের কর্মকর্তা মো. হারুন অর রশীদ জানান, শুধু যোগাযোগ ভালো না থাকায় পড়ার অনেক বই থাকলেও পাঠক পাওয়া যাচ্ছে না। জেলা পরিষদ সড়ক উন্নয়নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও, তা বাস্তবায়ন হয়নি।সেক্টর কমান্ডারস ফোরাম ও মুক্তিযুদ্ধ ’৭১ বরিশাল মহানগর সাধারণ সম্পাদক কাজল ঘোষ জানান, বসতবাড়িটি সংস্কার ও সংরক্ষণ করলে স্মৃতি জাদুঘরকে সমৃদ্ধ করা সম্ভব। সাধারণ মানুষ অন্তত তাঁর বাড়ি দেখার জন্য এখানে আসবে।বরিশাল জেলা পরিষদের প্রশাসক মোখলেছুর রহমান বলেন, ‘আমি নতুন দায়িত্ব নিয়েছি। সবকিছু জেনে তারপর ব্যবস্থা নিতে পারব।’ পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম জানান, মহিউদ্দিন জাহাঙ্গীরের বসতবাড়ির সংস্কার বা সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকারের নির্দেশনা পেলে অবশ্যই সংরক্ষণের ব্যবস্থা করা হবে।