অযত্নে বেহাল কলাবাগান শিশুপার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের শিশু-কিশোরদের আনন্দ-বিনোদনের জন্য ধানমন্ডি লেক ঘেঁষে নির্মাণ করা হয়েছিল কলাবাগান শিশুপার্ক। অযত্ন অবহেলায় পার্কটি এখন বেহাল। নষ্ট হয়ে যাচ্ছে পার্কের ব্যবস্থাপনা l ছবি: প্রথম আলো
নগরের শিশু-কিশোরদের আনন্দ-বিনোদনের জন্য ধানমন্ডি লেক ঘেঁষে নির্মাণ করা হয়েছিল কলাবাগান শিশুপার্ক। অযত্ন অবহেলায় পার্কটি এখন বেহাল। নষ্ট হয়ে যাচ্ছে পার্কের ব্যবস্থাপনা l ছবি: প্রথম আলো

নগরের শিশু-কিশোরদের আনন্দ-বিনোদনের জন্য ধানমন্ডি লেক ঘেঁষে নির্মাণ করা হয়েছিল কলাবাগান শিশুপার্ক। ফলে দুই বছর ধরে অযত্ন-অবহেলায় নষ্ট হয়ে গেছে পার্কের বিভিন্ন রাইড। বেহাল অবস্থায় পড়ে আছে পার্কটি। প্রচার না থাকায় অনেকে পার্কটি সম্পর্কে জানেনও না।
ধানমন্ডি লেকের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এই শিশুপার্ক নির্মাণ করা হয়। কলাবাগান খেলার মাঠ ও পানির পাম্পের মাঝের জায়গায় ‘কলাবাগান শিশুপার্ক’। গত বুধবার সরেজমিনে দেখা যায়, পার্কের নামে কোথাও কোনো সাইনবোর্ড নেই। ফটকটি ভাঙা। পুরো পার্কে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। পাঁচ থেকে ছয়জন শিশু-কিশোর পার্কে দোলনা, স্লিপারে খেলাধুলা করছিল। লোহার জালি দিয়ে ঘেরা গ্রিনহাউসটি জরাজীর্ণ। এর দরজাও ভাঙা। চারপাশে হাঁটার পথসহ আগাছায় ছেয়ে আছে পুরো পার্ক। এ ছাড়া ধানমন্ডি লেকে নামার সিঁড়ি ও পানির ওপর চতুর্ভুজ আকারের স্থাপনাটিতে ফাটল ধরেছে। কৃত্রিম লেকে জমে আছে আবর্জনা। পার্কটি দেখভালের জন্য ডিএসসিসির কোনো কর্মী দেখা যায়নি।
কলাবাগানের বাসিন্দা আসমা বেগম স্কুলপড়ুয়া ছেলে নাহিদ হাসানকে নিয়ে শিশুপার্কে বেড়াতে এসেছেন। তিনি বলেন, বিকেলে বেড়ানোর জন্য মাঝেমধ্যে পার্কে আসেন তাঁরা। কিন্তু পার্কটি পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় পরিবেশ নষ্ট হয়ে গেছে। পার্কটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে স্থানীয় শিশু-কিশোরেরা আনন্দ-বিনোদনের সুযোগ পেত।
ডিএসসিসির প্রকৌশলী দপ্তর সূত্র জানায়, ধানমন্ডি লেকের উন্নয়ন প্রকল্পের অধীনে ২০১২ সালে পার্কটির নির্মাণকাজ শুরু হয়। শেষ হয় ২০১৪ সালের মে মাসে। পরে তা এক ব্যক্তিকে তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়। কিন্তু পার্কে মানুষ তেমন যেত না। এ ছাড়া রাতে পার্কের অনেক মালামাল চুরি হয়ে যেত। ফলে ইজারাদার পার্কটি বন্ধ করে দিয়েছেন। এরপর থেকে এভাবেই পার্কটি পড়ে আছে। চালু করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
জানতে চাইলে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-১) তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, পার্কটি দীর্ঘমেয়াদি ইজারাসহ সার্বিক বিষয়ে ডিএসসিসির ব্যবস্থাপনা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।