অযত্নে ভাষাসৈনিকদের ম্যুরালগুলো

কলার ছড়া আর কেক-বিস্কুটের প্যাকেটের ফাঁক দিয়ে দেখলে একটা মুখাবয়বের অংশ শুধু চোখে পড়ে। দোকানের ফাঁক গলে পেছনে গিয়ে দাঁড়ালে বোঝা যায়, এটি আসলে একটি ম্যুরাল। রাজধানীর ধানমন্ডিতে এভাবে চায়ের দোকানের আড়ালে ঢাকা পড়ে আছে ভাষাসৈনিক ডা. গোলাম মাওলার নাম-চেহারা-পরিচয়।
ধানমন্ডি এলাকায় চার ভাষাসৈনিকের ম্যুরাল পড়ে আছে অযত্ন-অবহেলায়। ধুলা-ধূসরিত ম্যুরালগুলোর বেদিও ভাঙাচোরা। কোনোটা মাদকসেবী, আবার কোনোটা ভবঘুরেদের আস্তানা।
ধানমন্ডি ১ নম্বর সড়কটি ২০০৭ সালে ভাষাসৈনিক ডা. গোলাম মাওলার নামে নামকরণ করা হয়। এই সড়কের শুরুতেই তাঁর আবক্ষ ম্যুরাল। তবে চায়ের দোকানের আড়ালে থাকায় রাস্তা থেকে ম্যুরালটি চোখে পড়ে না। ভবঘুরেরা এই ম্যুরালের বেদিতে বসে মাদক সেবন করে বলে জানালেন আশপাশের লোকজন। দোকানের মালিক মো. সবুজ বললেন, প্রায় চার বছর ধরে চায়ের ভ্যান নিয়ে এখানেই বসছেন তিনি। কেউ কখনো সরে বসতে বলেনি।
গত বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, ম্যুরালটিতে ধুলার স্তর। বেদির সিমেন্টের স্তর উঠে গেছে। সবুজ বলেন, সপ্তাহে এক দিন তিনি ম্যুরালটি পরিষ্কার করতে চেষ্টা করেন। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা এ কাজে হাত দেন না।
ভাষাসৈনিক আবদুল মতিন সড়কে (ধানমন্ডি ৭) তাঁর ম্যুরালের বেদিতে কোচিং সেন্টারের বিজ্ঞাপন সাঁটা। কয়েক প্রস্থ ধুলো জমে আছে। ভেঙে গেছে বেদির টাইলস। ভাষাসৈনিক গাজীউল হক সড়কে (ধানমন্ডি ৮) এই ভাষাসৈনিকের ম্যুরালের শ্বেতপাথরের ওপর কালো রঙের অনেক অক্ষর মুছে গেছে। তাঁর পরিচিতি ও কর্মজীবন নিয়ে লেখা লাইনগুলোর পুরোটা পড়া যায় না। বেদি ঘিরে আবর্জনার স্তূপ। ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব সড়কের (ধানমন্ডি ৯) শুরুতে তাঁর ম্যুরালটির অবস্থান। এর চারদিক ঘিরে এখন নার্সারি গড়ে উঠেছে। নার্সারির দোকান ঘরের ত্রিপলের ছাদের কারণে মূল সড়ক থেকে ম্যুরালটি দেখা যায় না।
পাশেই ধানমন্ডি ১০ নম্বর সড়কে ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের বাড়িতে গড়ে উঠেছে ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্র ও জাদুঘর। ম্যুরালগুলো সম্পর্কে জানতে চাইলে জাদুঘরের তত্ত্বাবধায়ক এম এ কামাল প্রথম আলোকে বলেন, ‘আমরা যতটা পারি ম্যুরালগুলোর দেখাশোনা করার চেষ্টা করি। কিন্তু যাদের দায়িত্ব তারাই যদি যত্ন না নেয় তবে আর কী করার আছে।’
ঢাকা সিটি করপোরেশনের (অবিভক্ত) সৌজন্যে কয়েকটি বেসরকারি ব্যাংকের অর্থায়নে ২০০৮ থেকে ২০১০ সালে ম্যুরালগুলো তৈরি হয়। ম্যুরালগুলো এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীনে। জানতে চাইলে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সানাউল হক প্রথম আলোকে বলেন, গুরুত্বপূর্ণ ভাস্কর্য ও ম্যুরালগুলো নিয়মিত পরিষ্কার করার জন্য পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে। সচেতনতার অভাবে ওরা অনেক সময় এগুলোর গুরুত্ব বুঝতে পারে না। তাই নোংরা হয়ে থাকতে পারে। ম্যুরালের সামনে অবৈধ দখল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি পরিদর্শককে বলে দিচ্ছি যেন ব্যবস্থা নেওয়া হয়। শুধু ফেব্রুয়ারি মাস নয়, সারা বছরই যেন পরিষ্কার থাকে সে জন্য বলে দিচ্ছি।’