অযত্নে সাতক্ষীরার গণকবর ও বধ্যভূমি
স্বাধীনতার ৪০ বছরেও সাতক্ষীরায় মুক্তিযুদ্ধের সময়ের গণকবর ও বধ্যভূমিগুলো অযত্ন-অবহেলায় পড়ে আছে। সংরক্ষণের অভাবে গণকবর ও বধ্যভূমিগুলো নিশ্চিহ্ন হতে চলেছে। এদিকে সারা দেশে ২০০টি বধ্যভূমি সংরক্ষণের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে, সাতক্ষীরা জেলার নাম ওই তালিকায় না থাকায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, হানাদার বাহিনী সাতক্ষীরা শহরে আসার সময় ১৯৭১ সালের ২০ এপ্রিল সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারে বেশ কিছু লোককে গুলি করে হত্যা করে ওই বাজারের পাশে গণকবর দেয়। ২১ এপ্রিল ভোরে হানাদার বাহিনী সাতক্ষীরা শহরের সরকারি উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া বহু মানুষকে গুলি করে হত্যা করে। পরে তাঁদের বিদ্যালয়সংলগ্ন দীনেশ কর্মকারের ভিটায় গণকবর দেওয়া হয়। এ ছাড়া বাঁকাল ব্রিজ এলাকা, পারকুমুরিয়া, রাঢ়িপাড়া, মুরারীকাটি, জালালপুর, কিসমত ইলিশপুর, কলারোয়া ফুটবল মাঠের দক্ষিণ পাশ, হরিনগর, বড়দল দেবহাটা, বৈচনা, পারুলিয়াসহ ২৫-৩০টি স্থানে এমন গণকবর বা বধ্যভূমি রয়েছে। এসব স্থান বর্তমানে দখল অথবা নানা কৌশলে নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে।মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দীন জানান, বধ্যভূমিগুলো সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ করতে না পারলে পরবর্তী সময়ে নতুন প্রজন্মের কাছে অনেক বিষয় অজানা থেকে যাবে। সাতক্ষীরায় ৩০টি বধ্যভূমি রয়েছে। ইতিমধ্যে অনেকগুলো বধ্যভূমি বেদখল হয়ে গেছে। মুিক্তযোদ্ধা সংসদের জেলা কামান্ডার ইনামুল হক বিশ্বাস জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে ২০১০ সালে ২০০টি বধ্যভূমি সংরক্ষণের যে তালিকা করা হয়েছে, তাতে সাতক্ষীরার কোনো বধ্যভূমির নাম ছিল না। চলতি বছর কয়েকটি বধ্যভূমি চিহ্নিত করে ঢাকায় পাঠানো হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকেশ চন্দ্র বিশ্বাস জানান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন সাতক্ষীরা শহরের দীনেশ কর্মকারের বাড়ি, বাঁকাল সেতু, ঝাউডাঙ্গাসহ ছয়টি বধ্যভূমি চিহ্নিত করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বধ্যভূমি সংরক্ষণ করার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।