অযত্নে হারিয়েছে সৌন্দর্য

পার্কের ঠিক মাঝখানেই ফোয়ারা। মরচে ধরা এবং ভাঙা যন্ত্রাংশ দেখে বোঝার উপায় নেই শেষ কবে এটি পানি ছড়িয়েছে। পার্কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। বসার জায়গাগুলোয় জমেছে শেওলা। অযত্ন-অবহেলার ছাপ সর্বত্র।
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের সি-ব্লকে পার্কটি অবস্থিত। পার্কটির নাম ‘তাজমহল রোড পার্ক’। ১৯৯৭ সালে পার্কটি করার পর আর সংস্কার করা হয়নি। ১৮ বছর এভাবেই পড়ে আছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে থাকা পার্কটির দুরবস্থার কারণে এলাকার লোকজন এখন আর এখানে আসেন না।

কয়েক দিন আগে পার্কটি ঘুরে দেখা যায়, পার্কের মাঝখানের ফোয়ারাটি লোহার সীমানা দেয়াল দিয়ে ঘেরা। মরচে ধরা ফোয়ারাটি গাছপালায় ঢাকা পড়েছে। ফোয়ারার কিছু অংশ নষ্ট হয়ে গেছে, চুরি হয়েছে কিছু অংশ। ডিএনসিসি সূত্রে জানা যায়, তৎকালীন ডিসিসির অর্থায়নে ১৯৯৯ সালে পার্কের সৌন্দর্য বাড়াতে ১৩ লাখ টাকা ব্যয়ে পানির ফোয়ারা নির্মাণ করা হয়েছিল। কিন্তু নির্মাণের পর এর কী হাল হয়েছে, তা কেউ ঘুরেও দেখেনি।
পার্কে প্রবেশের দুটি ফটকের সামনেই পানি নিষ্কাশনের খোলা নালায় ময়লা-আবর্জনা ভাসছে। পার্কের জায়গায় জায়গায় কাদাপানি জমে আছে। ময়লা-আবর্জনা চারপাশে ছড়িয়ে আছে। আগাছায় ছেয়ে আছে পুরো চত্বর।
পার্কের সঙ্গেই বায়তুল আমান মিনার মসজিদ। নামাজ শেষে পার্কে বসে থাকা এলাকার বাসিন্দা সিদ্দিক মিয়া বললেন, আবাসিক এলাকার ভেতরে প্রাকৃতিক পরিবেশের একটা পার্ক, লোকজন একটু ঘুরতে আসতে পারত। কিন্তু অযত্ন ও দায়িত্বহীনতা একটা সুন্দর জিনিসকে কীভাবে নষ্ট করে, পার্কটি দেখলে তা বোঝা যায়। পরিবার নিয়ে কেউ এখানে আসেন না, মাদকসেবীরাই আড্ডা দেয়।
বেলা আড়াইটার দিকে পার্কে তিন-চারজন ব্যক্তিকে একসঙ্গে বসে জটলা বানিয়ে বসে থাকতে দেখা যায়। সিগারেটসদৃশ কিছু ফুঁকছিলেন। জটলার আশপাশে ছড়িয়ে পড়ছিল উৎকট গন্ধ। এলাকার এক বাসিন্দা বললেন, রাতের বেলা পার্কে আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যা নামলেই পুরো পার্ক অন্ধকারে তলিয়ে যায়।

পার্কে আসা লোকজনের বসার জন্য সিমেন্টের তৈরি কতগুলো আসন আছে। এসব আসনের পায়া ভেঙে গেছে। বহুদিন পরিষ্কার না করায় শেওলা জমেছে আসনগুলোয়। ভেজা স্যাঁতসেঁতে আসনের ওপরে ময়লার পুরু স্তর পড়ে আছে।
পার্কের ভেতরে পায়ে হাঁটার মতো ছোট আকারে পথ আছে। অযত্ন-অবহেলায় এখন আর সেই পথে হাঁটার অবস্থা নেই। ভেঙে এবড়োখেবড়ো হয়ে যাওয়া হাঁটাপথে জন্মেছে ঘাস, ছোট গাছ। ঝাড়ু না দেওয়ায় প্লাস্টিকের মোড়ক আর আবর্জনায় ভরে আছে।
এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, একসময় পার্কটিতে শিশুরা খেলত, নারী-পুরুষেরা সকাল-বিকেল হাঁটার সুযোগ পেত। বর্তমানে পার্কটি আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। হাঁটার ব্যবস্থা করা ও বাচ্চাদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনলে এটি এলাকার লোকজনের সময় কাটানোর জায়গা হতে পারে।
তাজমহল রোড পার্কটি ডিএনসিসির ২৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, অব্যবস্থাপনায় পুরো পার্কটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফুটপাত, গাছপালা সব নষ্ট হয়ে গেছে। লোকজন ফোয়ারার সব যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। মেয়রের সঙ্গে কথা হয়েছে এ বছরের মধ্যেই পার্কটি সংস্কার করা হবে।