অযত্ন-অবহেলায় ছয় ফোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে ফোয়ারাগুলো অযত্ন-অবহেলায় পড়ে থাকায় পানি ছিটাচ্ছে না। ফোয়ারার পানিতে পরিত্যক্ত প্লাস্টিক-ময়লা পড়ে আছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। ছবিটি হুমায়ূন রশীদ চত্বর এলাকার ফোয়ারা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
দীর্ঘদিন ধরে ফোয়ারাগুলো অযত্ন-অবহেলায় পড়ে থাকায় পানি ছিটাচ্ছে না। ফোয়ারার পানিতে পরিত্যক্ত প্লাস্টিক-ময়লা পড়ে আছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। ছবিটি হুমায়ূন রশীদ চত্বর এলাকার ফোয়ারা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

হুমায়ূন রশীদ চত্বর। সিলেট শহরে ঢোকার মুখে অবস্থিত এ চত্বরে রয়েছে ছোট-বড় চারটি দৃষ্টিনন্দন ফোয়ারা। ফোয়ারাগুলো আগের সৌন্দর্য হারিয়েছে। মরচে ধরা ও ভাঙা যন্ত্রাংশ দেখে বোঝার উপায় নেই, শেষ কবে এগুলো পানি ছিটিয়েছে। ফোয়ারাজুড়ে ময়লা-আবর্জনা। পানিতে জমেছে শেওলা। অযত্ন-অবহেলার ছাপ সর্বত্র।
শহরের দক্ষিণ সুরমায় বিগত চারদলীয় জোট সরকারের আমলে ফোয়ারাগুলো নির্মাণ করা হয়েছিল। এরপর কয়েকবার এগুলো সংস্কার করা হলেও ২০১০ সালের পর আর করা হয়নি। ছয় বছর এভাবেই পড়ে আছে। সিটি করপোরেশনের অধীনে থাকা ফোয়ারাগুলোর দুরবস্থার কারণে ক্ষুব্ধ নগরবাসী।
একই চিত্র পাওয়া গেছে শহরের নাইওরপুল এলাকায় নাইওরপুল চত্বরেও। সেটিও ছয় বছর ধরে পানি ছেটাচ্ছে না। ২০০ গজ দূরত্বের ব্যবধানে অবস্থিত মিশন চত্বর ফোয়ারাটি চালুর কয়েক মাস পানি ছেটালেও পরে সেটিও বিনষ্ট হয়ে পড়ে।
সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানায়, তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের প্রচেষ্টায় হুমায়ূন রশীদ চত্বর এবং নাইওরপুল এলাকায় সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় ফোয়ারাগুলো নির্মাণ করা হয়েছিল। বর্তমানে কারাবন্দী মেয়র আরিফুল হক চৌধুরী ২০১৪ সালে মিশন চত্বরের ফোয়ারাটি একটি মিষ্টিজাত প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় নির্মাণ করেন। কিন্তু নির্মাণের পর কিছুদিন সিটি করপোরেশন এসব দেখভাল করলেও পরে আর করেনি বলে স্থানীয় ব্যক্তিদের অভিযোগ।
শহরের বালুচর এলাকার বাসিন্দা ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সদস্য মো. মিজানুর রহমান বলেন, অযত্ন ও দায়িত্বহীনতায় একটা সুন্দর জিনিসকে কীভাবে নষ্ট করা যায়, ফোয়ারাগুলো তার জ্বলন্ত প্রমাণ। একসময় শহরের মানুষ ফোয়ারার পানি ছেটানো দেখে উল্লসিত হতেন। কিন্তু অব্যবস্থাপনায় এগুলো বিনষ্ট হয়ে গেছে। মাদকসেবীরা ফোয়ারার অনেক যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। তিনি ফোয়ারাগুলো দ্রুত চালুর দাবি জানান।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, হুমায়ূন রশীদ চত্বরে স্থাপিত চারটি ফোয়ারার পানিতে পরিত্যক্ত প্লাস্টিকের মোড়ক, বোতল, কর্কশিটসহ অন্যান্য আবর্জনা ভাসছে। বহুদিন পরিষ্কার না করায় পানিতে শেওলা জমেছে। পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। আগাছায় ছেয়ে আছে পুরো চত্বর। ফোয়ারা ঘিরে রাখা বেষ্টনীও ভেঙে গেছে।

নাইওরপুল ফোয়ারায় দেখা গেছে, সেখানে কোনো পানি নেই। নিচে থাকা ময়লা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। আর মিশন চত্বর ফোয়ারাটির সৌন্দর্য অনেকটা আগের মতো থাকলেও এটি পানি ছেটাচ্ছে না দীর্ঘদিন ধরে।

যোগাযোগ করলে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ব্যাংক এশিয়ার অর্থায়নে নাইওরপুল ফোয়ারাটি পুনরায় চালু করা হবে। মিশন চত্বর ফোয়ারাটি কেন কাজ করছে না, সেটি দেখা হবে। এ ছাড়া হুমায়ূন রশীদ চত্বর এলাকার চারটি ফোয়ারাসহ শহরের আরও কিছু স্থানে সৌন্দর্যবর্ধন করতে বেঙ্গল ইনস্টিটিউটের সহযোগিতায় একটি প্রকল্প গ্রহণ করে তা আরও অত্যাধুনিক করা হবে।