রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সৌরবিদ্যুৎ প্রকল্পের অর্ধকোটি টাকার সম্পদ অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ প্রকল্পের তত্ত্বাবধানে পরিচালিত প্রকল্পটি দুই বছর ধরে বন্ধ রয়েছে।
জুরাছড়ি উপজেলা সৌরবিদ্যুৎ প্রকল্পের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে জুরাছড়ি উপজেলায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার পর সৌরবিদ্যুৎ প্রকল্পটি অকেজো অবস্থায় রয়েছে। প্রকল্পের জন্য নিয়োগকৃত চারজন কর্মচারীও তখন থেকে বেকার অবস্থায় রয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, টিঅ্যান্ডটি টিলায় সৌরবিদ্যুতের প্যানেলগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে। প্যানেলগুলোর চারদিকে জঙ্গলে ছেয়ে গেছে। পাশের একটি সেমিপাকা বিল্ডিংয়ের ভেতরে ব্যাটারি ও ইনভার্টারগুলো পড়ে রয়েছে। কিছু ব্যাটারি থেকে পানি বের হয়ে পাকা মেঝেতে পড়েছে। অব্যবহৃত বিল্ডিংয়ের টিনের ছাদ চুইয়ে পানি পড়ার চিহ্নও দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্প শুরুর সময় প্রতিটি সৌরবিদ্যুতের প্যানেল ও ব্যাটারির দাম পড়েছিল ৬৬ হাজার টাকা করে। এ ছাড়া ইনভার্টার এবং সরবরাহ লাইনের দাম আলাদা ছিল।
প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০০৩ সালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ প্রকল্পের তত্ত্বাবধানে জুরাছড়ি উপজেলায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়। ওই সময় জুরাছড়ি টিঅ্যান্ডটি টিলা এলাকায় ৯০টি সোলার প্যানেল, ব্যাটারি ও ইনভার্টার স্থাপন করে বিভিন্ন বাড়িতে সংযোগ দেওয়া হয়। একই সময় উপজেলার সরকারি বাসভবনগুলোতে পানি সরবরাহের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে ১৫টি সোলার প্যানেল স্থাপন করা হয়। কিন্তু ২০১২ সালের ডিসেম্বরে উপজেলায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে সৌরবিদ্যুৎ প্রকল্পটি বন্ধ হয়ে যায়।
পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ প্রকল্পের (বিভাগ-২) নির্বাহী প্রকৌশলী সুমন্ত কুমার দেবনাথ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার কথা নিশ্চিত করে জানান, প্রকল্পটি সরাসরি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আওতাধীন ছিল না। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় একটি সৌরবিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি স্থাপন করেছিল। পরে তা পিডিবির সহায়তায় ব্যবহারকারীদের একটি সমিতি প্রকল্পটি পরিচালনা করত বলে তিনি জানান।
নির্বাহী প্রকৌশলী বন্ধ হয়ে যাওয়া প্রকল্পের যন্ত্রাংশগুলোর মূল্য কমপক্ষে অর্ধকোটি টাকা বলে উল্লেখ করে বলেন, ‘পিডিবির নবগঠিত নবায়নযোগ্য জ্বালানি অধিদপ্তরের একটি দল এসে প্রকল্পের যন্ত্রাংশগুলো দেখে গেছে। এরপর কী সিদ্ধান্ত হয়েছে সে ব্যাপারে আমার জানা নেই।’