রাষ্ট্রপতি জিল্লুর রহমান অযথা কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সচেতন থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ‘পুলিশ সপ্তাহ-২০১১’ উপলক্ষে বঙ্গভবনে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের এক সমাবেশে তিনি এ নির্দেশ দেন। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, ‘কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে, পুলিশ জনগণের বন্ধু। আপনারা যেকোনো পরিস্থিতিতে জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন—এটাই সবার প্রত্যাশা। মনে রাখতে হবে, জনগণের সেবাই হচ্ছে পুলিশের আদর্শ।’রাষ্ট্রপতি বলেন, ঘনবসতিপূর্ণ বাংলাদেশে পুলিশের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম হওয়া সত্ত্বেও সাম্প্রতিক কালে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ ও র্যাব জঙ্গিবাদ দমনে যে ভূমিকা পালন করছে, তা অত্যন্ত প্রশংসনীয়।পুলিশ বাহিনীর যেসব সদস্য জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে দেশ ও জনগণের সেবায় নিজেদের নিবেদন করে ‘বাংলাদেশ পুলিশ পদক’ ও ‘রাষ্ট্রপতি পদক’ পেয়েছেন, তাঁদের রাষ্ট্রপতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।