আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আগামী নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্য অযাচিত ও রাজনৈতিক।নাসিম বলেন, ‘নোবেল বিজয়ী হিসেবে আমরা আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু অযাচিত রাজনৈতিক বক্তব্য দিয়ে আপনি নিজেকে ছোট করেছেন। দয়া করে নিজের সম্মান নিজে নষ্ট করবেন না। এ রকম অযাচিত রাজনৈতিক বক্তব্য দিয়ে নিজেকে বিতর্কিত করবেন না।’প্রসঙ্গত, ড. ইউনূস গত বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ‘নির্দলীয় সরকারের অধীন ছাড়া শান্তিপূর্ণভাবে আগামী সংসদ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই।’নাসিম গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরির সেমিনার হলে আওয়ামী সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীষ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম (মুরাদ) প্রমুখ বক্তব্য দেন। ইউনূসের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনি (ইউনূস) দেশের একজন সম্মানিত ব্যক্তি। কিন্তু আপনি কখনো টুঙ্গীপাড়ায় এ দেশের স্থপতি বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা জানাতে যাননি। ১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে যান না। মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে এবং দেশের ইতিহাস নিয়ে কোনো কথা বলেন না। দেশের দুর্যোগের সময় আপনাকে পাওয়া যায় না। কিন্তু কার ইশারায় আপনি অযাচিত বক্তব্য দেন?’নাসিম আরও বলেন, ‘দেশি হোক বিদেশি হোক, কারও নসিহতে আমরা নির্বাচন করব না। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির যদি কোনো রূপরেখা থাকে, তবে সংসদে উপস্থাপন করতে পারে। এখনো সুযোগ আছে।’ বাসস।