অযাচিত মন্তব্যে প্রধান বিচারপতির অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগ নিয়ে অহেতুক মন্তব্য করা থেকে বিরত থাকতে সব মহলকে অনুরোধ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, বিচার বিভাগ নিয়ে অযাচিত ও মানহানিকর বক্তব্য দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের বিষয়ে শুনানির একপর্যায়ে গতকাল রোববার প্রধান বিচারপতি এ কথা বলেন। এ সময় আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন ও সাজ্জাদ হায়দার। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলকে দেওয়া হাইকোর্টের জামিন থাকবে কি না—এ বিষয়ে গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদেশের দিন ধার্য ছিল। আদালত মির্জা ফখরুলের শারীরিক অবস্থা পরীক্ষায় মেডিকেল বোর্ড গঠনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ৮ জুলাইয়ের মধ্যে ওই মেডিকেল বোর্ডকে প্রতিবেদন দিতে হবে। ওই দিন পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রেখেছেন আদালত।
শুনানির সময় প্রধান বিচারপতির মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকের বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ নিরপেক্ষভাবে সবার প্রতি সমান বিচার ও আচরণ করে যাচ্ছেন। তার পরও কোনো কোনো রাজনৈতিক নেতৃত্ব বিচার বিভাগ নিয়ে যেসব বিরূপ মন্তব্য করেন, সেগুলো খুব দুঃখজনক। কোনো আদেশ যখন তাঁদের বিরুদ্ধে যায়, তখন তাঁরা এসব মন্তব্য শুরু করেন। এতে প্রধান বিচারপতি আদালতের পক্ষ থেকে উষ্মা ও অসন্তোষ প্রকাশ করেছেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘শুনানিতে খন্দকার মাহবুব হোসেন বলতে চেয়েছেন, নিম্ন আদালতের বিচারকেরা রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছেন না। প্রধান বিচারপতি এটাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন। এসব অহেতুক মন্তব্য থেকে বিরত থাকতে সব মহলকে অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি বলেছেন, বিচার বিভাগের ভাবমূর্তি সমুন্নত রাখা সবার দায়িত্ব।’
মাহবুবে আলম আরও বলেন, বিচার বিভাগ নিয়ে এই অযাচিত মানহানিকর বক্তব্য দেওয়া হলে বিচার বিভাগ তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবেন না। বিচার বিভাগের হাত এত খাটো নয় যে এ ধরনের অহেতুক বক্তব্য সব সময় হজম করবেন।
খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতি বললেন, বিচার বিভাগ স্বাধীন নয়, নিয়ন্ত্রিত—এ ধরনের মন্তব্য করার সময় আপনাদের সতর্ক হওয়া উচিত। আমি বললাম, নিম্ন আদালত কাগজে-কলমে ও সংবিধানে স্বাধীন থাকলেও স্বাধীন নন। নিম্ন আদালত রাজনৈতিক প্রভাবে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। তখন প্রধান বিচারপতি বললেন, “আমি ওয়েবসাইট করেছি, অভিযোগ কেন্দ্র করেছি। যখনই কোনো অভিযোগ পাই, সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেই। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বলতে পারেন, কিন্তু এমন ঢালাও বক্তব্য দেবেন না।” আমি বললাম, আপনি প্রধান বিচারপতি হওয়ার পরে অবস্থার পরিবর্তন হচ্ছে।’ শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, বিচারকেরা এখন আরও বেশি নিয়ন্ত্রিত হচ্ছেন। দেশে ন্যায়বিচার ও আইনের শাসন নেই। সরকারি দল হলে এক রকম বিচার হয়, আর বিরোধী দল বা সাধারণ মানুষের বেলায় আরেক রকম বিচার হয়।
মেডিকেল বোর্ড: মির্জা ফখরুলের আইনজীবী এ কে এম এহসানুর রহমান জানান, মির্জা ফখরুলের স্বাস্থ্যের অবস্থা পরীক্ষায় চার সদস্যের মেডিকেল বোর্ড গঠনের জন্য বিএসএমএমইউ হাসপাতালের পরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত। কার্ডিও-ভাসকুলার সার্জারি বিভাগ থেকে দুজন, মেডিসিন বিভাগ থেকে একজন এবং কার্ডিওলজি বিভাগ থেকে একজন সদস্যকে নিয়ে গঠিত এই মেডিকেল বোর্ড মির্জা ফখরুলের শারীরিক অবস্থা পরীক্ষা করে ৮ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দেবে।