অযৌক্তিক বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অযৌক্তিকভাবে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সমাবেশ করা হয়েছে। নগরীর চাষাঢ়ার শহীদ মিনারে গতকাল মঙ্গলবার বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ ১৮ মে ২০১১ এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায় যে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ, গাজীপুর-মুন্সিগঞ্জ ও ঢাকা জেলায় চলাচলকারী সব বাসের ভাড়া আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি) নির্ধারণ করবে। ঢাকা-নারায়ণগঞ্জের দূরত্ব ১৭ কিলোমিটার। ফ্লাইওভার হওয়ার পর দূরত্ব কমে ১৫ দশমিক ৫ কিলোমিটার দাঁড়িয়েছে। ফলে ৫ টাকা টোলসহ সরকারের নির্ধারিত হারে ভাড়া হয় ২৮ দশমিক ২৫ টাকা। কিন্তু ভাড়া বাড়িয়ে নেওয়া হচ্ছে ৩৮ টাকা। নারায়ণগঞ্জ থেকে পাগলা হয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সাইনবোর্ড-সিদ্ধিরগঞ্জ হয়ে চিটাগাং রোডের বাসগুলোও একই হারে ভাড়া নিচ্ছে। বক্তরা নারায়ণগঞ্জের প্রতিটি রুটে যৌক্তিক হারে ভাড়া নির্ধারণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, আবু নাঈম খান, সিপিবি নেতা শিবনাথ চক্রবর্তী, বাসদ নেতা সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম গোলক প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।