অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর, রাজবাড়ী, ঝিনাইদহ ও মেহেরপুরে গতকাল বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতা-কর্মীরা। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলের কেন্দ্রঘোষিত কর্মসূচি ছিল এটি।
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, সরকার অযৌক্তিকভাবে ইচ্ছামতো বারবার গ্যাসের মূল্য বৃদ্ধি করছে। এতে জনগণের ভোগান্তি বাড়ছে। অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তাঁরা। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজবাড়ীতে পৃথক কর্মসূচি
রাজবাড়ী শহরের রেলগেট-সংলগ্ন বটতলায় বেলা ১১টার দিকে জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম পক্ষের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি রোকন উদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় আইনজীবী আসাদুজ্জামান লাল, যুগ্ম সম্পাদক গাজী আহসান হাবীব, দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এ সবুর শাহিন, পৌর বিএনপির সভাপতি এ বি এম মুঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক চৌধুরী আহসান করিম, যুবদল নেতা আব্দুল খালেক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ বক্তব্য দেন।
একই সময়ে রাজবাড়ী রেলস্টেশন এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও সহসভাপতি এম এ খালেকের নেতৃত্বাধীন পক্ষটি অবস্থান কর্মসূচি পালন করে। এ কর্মসূচিতে জেলা বিএনপির সহসভাপতি এম এ খালেক ও আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ রইচ উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম কাশেম, জেলা বাস্তুহারা দলের সভাপতি মহব্বত হোসেন প্রমুখ বক্তব্য দেন।
ঝিনাইদহে মাইক বন্ধ
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জেলা বিএনপি নেতা-কর্মীরা। কর্মসূচিতে জেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান বক্তব্য দেওয়ার সময় পুলিশ মাইক বন্ধ করে দেয়। পরে তা আবার চালু করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
যশোর ও মেহেরপুরে শান্তিপূর্ণ কর্মসূচি
সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত যশোর শহরের লালদিঘি পাড়ের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, যশোর শহর কমিটির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক, জেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, তারেক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, যুগ্ম সম্পাদক খাইরুল বাশার।