অযোগ্য, অসত্ প্রার্থীরা নির্বাচনে দাঁড়ালেই ঝামেলা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, অযোগ্য ও অসৎ প্রার্থীরা নির্বাচনে দাঁড়ালেই ঝামেলা হয়। তাঁদের কারণে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর ভোটারদের মধ্যে আস্থা তৈরি হয়েছে।গতকাল বুধবার সকালে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) আখতার হামিদ খান মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ছহুল হোসাইন এসব কথা বলেন। ‘নির্বাচন ব্যবস্থাপনা উন্নয়ন’ শীর্ষক ওই কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক আবদুল মালেক।ছহুল হোসাইন বলেন, গণতন্ত্রের ত্রুটিবিচ্যুতি যা-ই থাকুক না কেন, এর বিকল্প নেই। গণতান্ত্রিক সমাজব্যবস্থার জন্যই নির্বাচন করতে হয়। আগামী পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ কমিশনের ওপর গভীর আস্থা রাখবে।নির্বাচন কমিশনার বলেন, ‘ভবিষ্যতে নির্বাচনকে অধিকতর সুষ্ঠু, ত্রুটিমুক্ত ও বিশ্বাসযোগ্য করার পরিকল্পনা নিয়েছে কমিশন। তাই নির্বাচনের সঙ্গে জড়িত বিভিন্ন পেশার লোকদের দক্ষতা বৃদ্ধি এবং নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের অধিকতর উন্নয়নের বিকল্প নেই। দেশের ১০টি স্থানে এ ধরনের কর্মশালা হবে।’কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব এবং ‘সাপোর্ট টু দি ইলেকটোরাল প্রসেস ইন বাংলাদেশ’ জাতীয় প্রকল্পের পরিচালক মো. রফিকুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক মো. আবদুল আলিম, জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ও কুমিল্লা অঞ্চলের উপ-নির্বাচন কমিশনার মো. আনোয়ার হোসেন।কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, ভোট গ্রহণকারী কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক, আইনজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের ১০০ জন প্রতিনিধি অংশ নেন। পাঁচটি দলে বিভক্ত হয়ে তাঁরা নির্বাচনকে অবাধ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করার ব্যাপারে নিজেদের মতামত তুলে ধরেন।