অযোগ্য প্রতিষ্ঠানকে প্রাকযোগ্য করতে চলছে তদবির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের অত্যাধুনিক নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সাইফ পাওয়ারটেক কনসোর্টিয়াম নামের একটি প্রতিষ্ঠানকে প্রাকযোগ্য করার জোর তদবির চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই প্রতিষ্ঠানের ব্যাপারে কয়েক দফা লিখিত আপত্তি জানিয়েছেন।সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে লেখা অর্থমন্ত্রীর সই করা চিঠিতে বলা হয়, ‘সাইফ পাওয়ারটেক কনসোর্টিয়ামের ব্যাপারে তিনটি নোট অব ডিসেন্ট দাখিল হয়েছে। এ ক্ষেত্রে দরপত্রে যেসব দোষত্রুটি আছে, তার সবই উপেক্ষা করা হয়েছে। এতে মনে হয়, এই দরদাতাকে বিশেষভাবে অনুগ্রহ করা হয়েছে।’তবে নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থমন্ত্রীর আপত্তিকে আমলেই নিচ্ছে না। বরং এই প্রতিষ্ঠানসহ যে ছয়টি প্রতিষ্ঠানকে প্রাকযোগ্যের তালিকায় আনা হয়, সেগুলোর ব্যাপারে একটি গোপন প্রতিবেদন দিতে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রসচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে। ৫ মে এ-সংক্রান্ত সর্বশেষ তাগাদা দিয়ে চিঠিটি দেওয়া হয়।জানা গেছে, এই প্রতিবেদন পাওয়ার আগেই নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গত ২৮ এপ্রিল চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে বলেন, এনসিটি পরিচালনার প্রাকযোগ্য প্রতিষ্ঠান নির্ধারণে যাচাই-বাছাই চলছে। শিগগিরই মূল দরপত্র আহ্বান করা হবে।জানা গেছে, প্রায় ৫৫০ কোটি টাকা ব্যয়ে এনসিটি টার্মিনাল নির্মিত হয়। সাপ্লাই-অপারেট অ্যান্ড ট্রান্সপারের (এসওটি) ভিত্তিতে এই টার্মিনাল পরিচালনা করতে এক হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের দরকার হবে। প্রকল্পটি সরকারি-বেসরকারি উদ্যোগ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, প্রথম দফায় ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি এই টার্মিনাল পরিচালনার দরপত্রে অংশ নেওয়ার যোগ্য হিসেবে চারটি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। এসব প্রতিষ্ঠানের কাছে ২০০৯ সালের জুলাইয়ে মূল দরপত্রও বিতরণ করা হয়। দুই দফা সময় বাড়িয়ে সাত মাস পর এই দরপত্র দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়।কিন্তু হঠাৎ প্রাকযোগ্য দলিল সংশোধন করে মন্ত্রণালয়ের নির্দেশে দ্বিতীয় দফায় প্রাকযোগ্য প্রতিষ্ঠান বাছাইয়ের দরপত্র আহ্বান করে বন্দর কর্তৃপক্ষ। দ্বিতীয় দফায় গত ৬ ফেব্রুয়ারি দুটি প্রতিষ্ঠানকে বাছাই করে মূল্যায়ন কমিটি। এর মধ্যে সাইফ পাওয়ারটেক কনসোর্টিয়ামের বিরুদ্ধে কমিটির অর্ধেক সদস্য অর্থাৎ তিনজন আপত্তি দেন। প্রাকযোগ্যতার দরপত্রে সাইফ পাওয়ারটেক কনসোর্টিয়াম সাতটি মানদণ্ডের মধ্যে চারটিই পূরণ করতে পারেনি বলে মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়। আপত্তিসহ মূল্যায়ন প্রতিবেদনটি নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়।এই মূল্যায়ন প্রতিবেদন দেখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যথাযথ পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবদুল করিম বরাবর সর্বশেষ চিঠি দেন।এনসিটি প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার (আইআইএফসি) সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফা দরপত্রের মূল্যায়ন প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করতে তাদের কাছে পাঠানো হয়নি।নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম দফায় চারটি এবং দ্বিতীয় দফায় দুটিসহ মোট ছয়টি প্রতিষ্ঠানের ব্যাপারে গোয়েন্দা ছাড়পত্র নেওয়ার প্রক্রিয়া চলছে এখন। সংসদীয় স্থায়ী কমিটির ১০ এপ্রিলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এসব প্রতিষ্ঠানের গোয়েন্দা ছাড়পত্র চাওয়া হয়।জানা গেছে, দরপত্রের প্রক্রিয়ায় বিলম্ব হলেও সাইফ পাওয়ারটেক সমঝোতার মাধ্যমে দর নির্ধারণ করে এনসিটির দুটি জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজ চালিয়ে যাচ্ছে। বিনা দরপত্রে ২০০৭ সালের ১৬ মে থেকে প্রতিষ্ঠানটি কাজ করছে। দরপত্রের মাধ্যমে পাশের জেটিতে প্রতি কনটেইনার ওঠানো-নামানোর জন্য সাইফ পাওয়ারটেক নিচ্ছে ১৫০ টাকা। আর বিনা দরপত্রে একই কাজের জন্য এনসিটিতে নেওয়া হচ্ছে ৭২০ টাকা।বিষয়টি নিয়ে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতিষ্ঠানের যোগ্যতা বিবেচনা করে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আমার করণীয় কিছুই ছিল না।’