অরক্ষিত কক্সবাজারের ১২টি বধ্যভূমি
স্বাধীনতার ৪৩ বছর পরও কক্সবাজারের ১২টি বধ্যভূমি সংরক্ষণ করা হয়নি। এর মধ্যে ছয়টি বধ্যভূমিতে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ করা হয়েছে। অবহেলায় শহীদদের স্মৃতিচিহ্ন মুছে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুহাম্মদ শাহজাহান বলেন, একাত্তরের ১২ মে পাকিস্তানের সেনাবাহিনী শহরের সি-বিচ রেস্টহাউসে (অফিসার্স ক্লাবের পাশে) ঘাঁটি স্থাপন করে। তাঁরা শহরে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। রেস্টহাউসে লোকজনকে ধরে এনে নির্যাতন করে হত্যা করত সেনারা। বহু নারীকে এখানে এনে ধর্ষণের পর হত্যা করা হয়। তারপর লাশ রেস্টহাউসের পাশের কূপে (এখন মৃত্যুকূপ নামে পরিচিত) ফেলে দেওয়া হতো।
মুক্তিযোদ্ধা জহর লাল পাল চৌধুরী বলেন, ২০০২ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধারা যৌথভাবে কক্সবাজারের মহেশখালীর পাঁচটি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১০টি বধ্যভূমি চিহ্নিত করেন। এরপর লাল নিশানা তুলে বধ্যভূমির সীমানা নির্ধারণ করা হয়। পরে ওই নিশানা উধাও হয়ে যায়। তিনি বলেন, ছয়টি বধ্যভূমি জমি বেদখল হয়ে গেছে। এসব বধ্যভূমিতে ৮৮ জন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল।
মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহেশখালীর মুন্সিরডেইল, হোয়ানক পুইছড়ি, কালারমারছড়া বাজার, ঠাকুরতলা আদিনাথ পাহাড়, গোরকঘাটা মাছ বাজার ও দক্ষিণ হিন্দুপাড়া মাতব্বরবাড়ী শ্মশান এলাকার বধ্যভূমি দখল করে বহু দোকান, ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে।
অরক্ষিত অবস্থায় রয়েছে বড় মহেশখালী দেবেঙ্গাপাড়া, দেবেঙ্গাপাড়া শ্মশান, পালপাড়া ও কায়স্থপাড়া এলাকার বধ্যভূমি।
এ ছাড়া টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে নাইটং পাহাড়ের পাদদেশে একটি বধ্যভূমি অরক্ষিত অবস্থায় আছে। এ বধ্যভূমির জমিতে বসতবাড়ি গড়ে উঠেছে।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, অরক্ষিত বধ্যভূমি ও জাতির জনকের স্মৃতিধন্য স্থান চিহ্নিত করতে গঠিত কমিটির সর্বশেষ বৈঠক গত ১১ ডিসেম্বর হয়েছে। বৈঠকে বধ্যভূমির অবৈধ স্থাপনা উচ্ছেদ, বধ্যভূমিতে সাইনবোর্ড স্থাপন ও সীমানাপ্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ কাজ শুরু হবে।