অরক্ষিত কষ্টিপাথরের মূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে দুর্গম পাহাড়ের চূড়ায় জরাজীর্ণ সাতটি মন্দির। সেখানে আছে কষ্টিপাথরের পাঁচটি মূর্তি। অথচ ছয়টি মন্দিরেরই দরজা-জানালা নেই।
মন্দিরের সেবায়েত নির্মল ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, মন্দিরগুলো ২০০ বছরের বেশি পুরোনো। ২০১৩ সালের আগ পর্যন্ত মন্দিরগুলোতে কষ্টিপাথরের মূর্তি ছিল সাতটি। গত বছরের শুরুতে একটি চুরি হয়ে যায়। এক সপ্তাহ পর মিরসরাই থেকে মূর্তিটি উদ্ধার করে র্যা ব। উদ্ধার করার পর মূর্তিটি মন্দির এস্টেটের দায়িত্বে থাকা কুমারী স্মৃতিলতা ভারতীর বাড়ির মন্দিরে রাখা হয়েছে। চলতি বছরের ৪ জুন আরেকটি কষ্টিপাথরের মূর্তি চুরি হয়ে যায়। সেটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি জানান, দরজা-জানালাবিহীন চারটি মন্দিরে আছে চারটি কষ্টিপাথরের মূর্তি।
সেবায়েত নির্মল ভট্টাচার্য বলেন, তিনি খুব সকালে মন্দিরে যান। ফেরেন সন্ধ্যার কিছু আগে। তিনি বাড়ি ফেরার পর মন্দিরে কেউ থাকেন না।
স্মৃতিলতা ভারতী বলেন, মন্দিরগুলোতে পাহারা বসানোর মতো সামর্থ্য তাঁদের নেই। রাষ্ট্র যদি পাহারার ব্যবস্থা করে, তবেই কষ্টিপাথরের মূর্তিগুলো সুরক্ষিত থাকবে। চুরি হওয়া মূর্তিটি উদ্ধারে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি জানান তিনি।
সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম বলেন, মন্দিরগুলো এমন দুর্গম জায়গায়, সেখানে থানা থেকে গিয়ে নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। সেখানে যাতায়াতের রাস্তাও খুব খারাপ। তিনি বলেন, চন্দ্রনাথ পাহাড়ের মতো সেখানেও পুলিশ ক্যাম্প স্থাপন করা হলেই কেবল পুলিশের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব।