অরক্ষিত কালাই মহিলা ডিগ্রি কলেজ চত্বর
শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়া জয়পুরহাটের কালাই মহিলা ডিগ্রি কলেজের সীমানাপ্রাচীর নেই। সীমানাপ্রাচীর না থাকায় সহজেই বখাটে যুবকেরা সহজেই ভেতরে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করছে। এ কারণে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় রয়েছে ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা। প্রায়ই চোরেরা ছাত্রীনিবাসের শিক্ষার্থীদের মোবাইল ফোনসেটসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে।কলেজ সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে এইচএসসি পরীক্ষায় প্রশংসনীয় ফল করায় এ কলেজের ছাত্রীরা জেলায় বেসরকারি পর্যায়ে সেরা কলেজের সম্মান অক্ষুণ্ন রেখেছে। ২০০৮ সালে স্নাতক পরীক্ষার ফলাফলেও এ কলেজই ছিল জেলার শীর্ষে। ভালো ফলাফলসহ অন্যান্য ইতিবাচক কর্মকাণ্ডের জন্য ১৯৯৭, ২০০৩ ও ২০০৬ সালে এ কলেজটি জেলায় বেসরকারি পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের পুরস্কারও পেয়েছে। ছাত্রীদের বিভিন্ন কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালের ৯ মার্চ কলেজটি পরিদর্শনে এসেছিলেন। ওই সময় জনসভা আয়োজন করার জন্য প্রশাসনের সিদ্ধান্তে কলেজের সামনের অংশের সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়। অর্থাভাবে কলেজ কর্তৃপক্ষ চার বছরেও ওই প্রাচীর নির্মাণ করতে পারেনি।কলেজ সূত্রে জানা গেছে, সীমানাপ্রাচীর না থাকায় কলেজটির উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ছয় শতাধিক ছাত্রীকে বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে কলেজ করতে হচ্ছে। সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় রয়েছে ছাত্রীনিবাসের অর্ধশত আবাসিক ছাত্রী। সীমানাপ্রাচীর না থাকায় ছাত্রীনিবাসসংলগ্ন এলাকায় প্রায়ই বখাটেরা ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করছে। ছাত্রীনিবাসের শিক্ষার্থী রুনা আখতার বলেন, ‘সীমানাপ্রাচীর না থাকায় ছাত্রীনিবাসে দিনেদুপুরে চোর ঢুকে কাপড়, মোবাইল ফোনসেটসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। রাতে উত্কণ্ঠার মধ্যে সময় কাটাতে হয়।’কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন বলেন, ‘সীমানাপ্রাচীর নির্মাণে প্রয়োজনীয় অর্থের জন্য প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ধরনা দিয়েছি কিন্তু বরাদ্দ মেলেনি।’