অরক্ষিত খুলনা পিটিআইয়ের মহিলা হোস্টেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়া দিয়ে চলছে ​ভেঙে পড়া সীমানাপ্রাচীরের কাজ। এক মাসেরও বেশি সময় ধরে এমন অবস্থায় আছে খুলনা পিটিআই মহিলা হোস্টেলের দক্ষিণ দিকের প্রাচীরটি। এতে নারী শিক্ষার্থীরা শঙ্কায় ভুগছেন। ছবিটি গতকালের l প্রথম আলো
বেড়া দিয়ে চলছে ​ভেঙে পড়া সীমানাপ্রাচীরের কাজ। এক মাসেরও বেশি সময় ধরে এমন অবস্থায় আছে খুলনা পিটিআই মহিলা হোস্টেলের দক্ষিণ দিকের প্রাচীরটি। এতে নারী শিক্ষার্থীরা শঙ্কায় ভুগছেন। ছবিটি গতকালের l প্রথম আলো

খুলনা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) আবাসিক মহিলা হোস্টেলের দক্ষিণ দিকের সীমানাপ্রাচীর ধসে পড়েছে। গত ৫ এপ্রিলের ঝড়ে প্রাচীরটি ধসে যায়। এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রাচীরটি সংস্কারের কোনো উদ্যোগ নেই। প্রাচীরের ভাঙা অংশ বাঁশের চাটাই দিয়ে ঘিরে রাখা হয়েছে। এতে করে প্রায় অনেকটাই অরক্ষিত হয়ে পড়েছে মহিলা হোস্টেল।
গতকাল সোমবার সরেজমিন দেখা যায়, পিটিআইয়ের পেছনের দিকে নগরের মিয়াপাড়া সড়ক-সংলগ্ন মহিলা হোস্টেলের প্রায় ১০০ ফুট সীমানাপ্রাচীর ধসে গেছে। ধসে যাওয়া প্রাচীরের অংশ বাঁশের চাটাই দিয়ে ঘেরা।
হোস্টেলের আবাসিক শিক্ষার্থী ফুলতলা ধোপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ঝুমু রানী গাইন প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তা দেয়াল ভেঙে পড়ায় আমরা বেশ আতঙ্কে থাকি। অনেক সময় হোস্টেলে ফিরতে একটু রাতও হয়। যেকোনো সময় ভেতরে যে কেউ প্রবেশ করতে পারে।’
নাম প্রকাশ না করার শর্তে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অন্য তিন শিক্ষার্থী বলেন, হোস্টেলে ৬০ জনের মতো শিক্ষক থাকেন। নিরাপত্তা দেয়াল ঠিক না থাকায় বেশ শঙ্কায় থাকতে হয়। বিষয়টি সুপারকে জানানো হলেও তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
খুলনা পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট আবদুস সালাম শিকদার প্রথম আলোকে বলেন, ধসে যাওয়া প্রাচীরের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মাপজোখের কাজও শেষ। শিগগির প্রাচীর নির্মাণের কাজ শুরু হবে।