বছরের প্রথম দিন গতকাল রোববার সকালেই অনেকে ব্যাপারটি প্রথম লক্ষ করেন। সার্চ ইঞ্জিন গুগলের বাংলাদেশের সাইট গুগল ডটকমডটবিডিতে যেতে গেলে সেটি চলে যাচ্ছে বগুড়ার কলেজছাত্র সাইজার রহমান আকাশের ফেসবুক প্রোফাইলে। সেখানে সাইজার রহমান লিখে রেখেছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানির (বিটিসিএল) ডটবিডি সার্ভারের নিরপত্তা বিষয়ে উদাসীনতার প্রতিবাদে সে ওই সার্ভারে ‘প্রবেশ’ করেছে।
দৃষ্টি আকর্ষণের জন্য সাইজার রহমান গুগল ডটকমডটবিডি, রবি ডটকমডটবিডি, বাংলালিংক ডটকমডটবিডি ও ইত্তেফাক ডটকমডটবিডি সাইটের নেম সার্ভারের ঠিকানা পরিবর্তন করে দিয়েছেন। সাইজার রহমানের মতে, এভাবে হাজার হাজার ওয়েবসাইট বন্ধ করে দেওয়া সম্ভব।
এর আগে গত ২০ ডিসেম্বর ডটবিডি সার্ভারে গুগল ডটকমডটবিডি, ফেসবুক ডটকমডটবিডি, জিমেইল ডটকমডটবিডি-এর ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) সার্ভারের ঠিকানা পরিবর্তন করা হয়েছিল। সে সময় ফয়সল নামের এক পাকিস্তানি হ্যাকার দাবি করেন, তিনি এটি ঘটিয়েছেন। পরে বিটিসিএল কর্তৃপক্ষ তা পুনরুদ্ধার করে।
ইন্টারনেট বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির প্রথম আলোকে বলেন, মাত্র ১০ দিনের ব্যবধানে পরপর দুবার এ ঘটনা থেকে বোঝা যাচ্ছে, বিটিসিএল কর্তৃপক্ষ ডটবিডি সার্ভারের নিরাপত্তাকে কোনো গুরুত্ব দিচ্ছে না।
ইন্টারনেট সেবাদাতা সংস্থাগুলোর সংগঠন বাংলাদেশ আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম বলেন, বাংলাদেশে যেভাবে ডটবিডি সার্ভার রক্ষণাবেক্ষণ করা হয়, তো মোটেই মানসম্মত নয়। তিনি মনে করেন, এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য কারিগরি দক্ষতার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ এবং প্রয়োজনের সময় সহায়তা খুবই প্রযোজন।
গতকালের ঘটনার জন্য দায় স্বীকারকারী বগুড়ার শাহ সুলতান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাইজার রহমান প্রথম আলোকে বলে, সে কোনো হ্যাকার নয়। শুধু বিটিসিএলের ঘুম ভাঙানোর জন্য এ কাজ করেছে। তাদের সিস্টেমে অনেক দুর্বলতা রয়েছে। সাইজার রহমান বলে, ‘আমার মতো একজন কলেজ শিক্ষার্থী যদি এ কাজটি করতে পারে, তাহলে হ্যাকাররা কী করতে পারে, ভেবে দেখুন। সার্ভার অরক্ষিত থাকলে ভবিষ্যতে তা দেশের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে।’
এ বিষয়ে বিটিসিএলের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তাঁদের ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) সার্ভারে কিছুটা দুর্বলতা রয়ে গেছে। শিগগিরই বিষয়টি কেটে যাবে।
তবে দুর্বলতার বিষয়টি উড়িয়ে দিয়ে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহফুজ উদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, ‘আসলে কেউই আমাদের নেটওয়ার্কে ঢুকতে পারেনি। রক্ষণাবেক্ষণের জন্য মাঝেমধ্যে আমরা কিছু সাইট বন্ধ রাখি। কেউ হয়তো এ সুযোগে সার্ভারে ঢুকে পড়ে। নিজের নাম জাহির করার জন্য কেউ এটা করছে। আমাদের সিস্টেম পুরোপুরি নিরাপদ।’
বিটিসিএলের এমডির সঙ্গে একমত নন ইন্টারনেট বিশেষজ্ঞ ও ফাইবার অ্যাট হোমের প্রধান কৌশলী কর্মকর্তা সুমন আহমেদ। তিনি বলেন, ‘উনি যা-ই বলুন না কেন, আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। ওনারা চাইলে আমরা সে দুর্বলতা দেখিয়ে দিতে পারি।’
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের কাছে জানতে চাইলে গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত তাঁকে এ বিষয়ে অবহিত করা হয়নি। যেকোনো বিষয়ে সমস্যা তৈরি হলে তা খতিয়ে দেখে ওই সমস্যা সমাধানই জরুরি।
ইন্টারনেট বিশেষজ্ঞ সুমন আহমেদ বলেন, ‘দেশের অনেক আর্থিক প্রতিষ্ঠান বর্তমানে ডটবিডি ডোমেইন ব্যবহার করছে। কাজেই যেকোনো মুহূর্তে একটি বড় ধরনের আর্থিক কেলেংকারি হয়ে যেতে পারে। এরই মধ্যে আমরা ডটবাংলা ডোমেইন চালু করেছি। সেখানেও একই ধরনের বিপর্যয়ের সম্ভবনা থাকছে।’
প্রসঙ্গত, বর্তমানে ৩০ হাজারের বেশি ডটবিডি ডোমেইন ব্যবহার হচ্ছে।