অরক্ষিত দৌলতখান পৌরসভা ভাঙনে ৯০টি বাড়ি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীর ভাঙনে ভোলার দৌলতখান পৌরসভা অরক্ষিত হয়ে পড়েছে। চলতি বছর পৌরসভার ৯০টি পরিবার ভাঙনের শিকার হয়ে এলাকা ছাড়া হয়েছে। এ ছাড়া চরপাতা ও ভবানীপুর ইউনিয়নও ভাঙনের কবলে পড়েছে। এ অবস্থায় দ্রুত ব্লক ফেলে তীর সংরক্ষণের দাবি করেছেন এলাকাবাসী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা কামাল বলেন, ভাঙনের হাত থেকে এ উপজেলা পরিষদ ও পৌরসভাকে রক্ষা করতে চলতি বছরেই ব্লকবাঁধের কাজে হাত দেওয়া উচিত।

দৌলতখান ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, ভাঙনে চলতি বছর প্রায় ৬০০ একর জমি মেঘনায় বিলীন হয়েছে। এ ছাড়া চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাহেবের খাল থেকে দক্ষিণে সৈয়দপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে।

দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার বলেন, দৌলতখান উপজেলা পরিষদ এলাকা, থানা, হাসপাতালসহ একাধিক বিদ্যালয় ও কলেজের ভবন একেবারে ভাঙনের মুখেপড়েছে। অরক্ষিত থাকার কারণে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চৌকিঘাটা থেকে দক্ষিণে তিন কিলোমিটার এলাকা ভাঙছে। ইতিমধ্যে ১ নম্বর ওয়ার্ডের শতাধিক ঘরবাড়ি, দুটি মাছঘাট ও একটি মসজিদ বিলীন হয়েছে।

গত শনিবার চৌকিঘাটা থেকে ভবানীপুর পর্যন্ত ঘুরে দেখা যায়, ভাঙনে ঘরবাড়ি, ফসলের খেত, মাছের ঘাট বিলীন হচ্ছে। জোয়ারের পানির আঘাতে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ক্ষতি হচ্ছে। উপজেলা পরিষদের পূর্বের দিকে কিছু অংশে ব্লক ছিল। তা নিয়মিত সংরক্ষণ না করায় ধসে নদীতে বিলীন হয়ে গেছে। এ কারণে বড় ধরনের আঘাতে উপজেলা পরিষদসহ দৌলতখান পৌরসভা ভাঙনের মুখে পড়েছে।

চৌকিঘাটার জসিম উদ্দিন মাঝিসহ ভাঙনকবলিত ৫০ জন বলেন, গত দুই মাসে আবদুল কাদের মাস্টারের বাড়ি, মুন্সিবাড়ি, সিদ্দিক মাঝিবাড়ি, মহিউদ্দিন মাঝিবাড়ি, জামাল উদ্দিন মাঝিবাড়ি, জামাল বকশীবাড়ি, আবদুর জব্বার, মিলন মাঝি, সায়েদ মাঝি, আবদুল খালেকসহ শতাধিক বাড়ি বিলীন হয়ে গেছে।

এলাকাবাসী আরও জানান, পৌরসভার ৫০০ একর, চরপাতার ২০০ একর এবং ভবানীপুরের ৫০ একরসহ ৭৫০ একর জমি চলতি বছর মেঘনায় বিলীন হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, থানা সীমানা থেকে মাত্র ৫০-৮০ ফুট দূরে মেঘনা নদী। সাড়ে সাত কোটি টাকায় নির্মিত পাঁচতলা ভবন ব্যবহার শুরু হলেও উদ্বোধন হয়নি। ব্লকবাঁধ দিয়ে ভাঙন প্রতিরোধ না করলে যেকোনো সময় থানা মেঘনার গর্ভে বিলীন হবে।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার বলেন, দৌলতখান উপজেলার ভবানীপুর থেকে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া পর্যন্ত সাড়ে নয় কিলোমিটার তীর সংরক্ষণে ব্লকের কাজ চলছে। তবে দৌলতখান শহরকে রক্ষার জন্য কোনো ব্লকবাঁধের প্রকল্প (ডিপিপি) ঢাকায় পাঠানো হয়নি। সম্ভাব্যতা যাচাই করে কারিগরি কমিটি মাঠ পরিদর্শন শেষে ডিজাইন করবে। তবে পৌরসভার ৭০০ মিটার তীর সংরক্ষণের জন্য জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও টেক্সটাইল বস্তা ফেলার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এতে পাঁচ কোটি টাকা খরচ হবে। তবে বরাদ্দ হয়েছে দেড় কোটি টাকা, যা দিয়ে ২১৫ মিটার এলাকায় বস্তা ফেলা সম্ভব।