অরক্ষিত পান্থকুঞ্জ পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পান্থকুঞ্জ পার্কের এক পাশের লোহার তৈরি নিরাপত্তাবেষ্টনীর অর্ধেকটাই নেই। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
পান্থকুঞ্জ পার্কের এক পাশের লোহার তৈরি নিরাপত্তাবেষ্টনীর অর্ধেকটাই নেই। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

রাত আটটা বাজতেই বন্ধ করে দেওয়া হয় পান্থকুঞ্জ পার্কের মূল ফটক। অথচ তিন মাসেরও বেশি সময় ধরে পার্কটির বিপরীত পাশের লোহার তৈরি নিরাপত্তাবেষ্টনীর অর্ধেকটাই নেই। তাই রাতে ভবঘুরেসহ অবাঞ্ছিতদের প্রবেশ ঠেকাতে মূল ফটকটি বন্ধ করলেও তা কাজে আসছে না।

পান্থকুঞ্জ পার্কটি ত্রিভুজাকৃতির। এর এক পাশে কাঁঠালবাগান, পান্থপথসহ বেশ কিছু আবাসিক এলাকা। অন্যদিকে সোনারগাঁও হোটেল। স্থানীয় প্রবীণ ও শিশু-কিশোরদের অনেকেই এই পার্কে আসে সময় কাটাতে, খেলতে, ব্যায়াম করতে। কয়েকজন বলেছেন, এমনিতে এই পার্কের ব্যবস্থাপনা কিংবা পরিবেশ খুব ভালো না। তবে সোনারগাঁও হোটেলের অংশে নিরাপত্তাবেষ্টনীর বেশির ভাগ না থাকায় এখন পরিবেশ আরও খারাপ হয়েছে। বেড়েছে মাদকসেবীদের উৎপাত।

গতকাল শনিবার বিকেলে গিয়ে দেখা যায়, বাংলামোটর মোড় থেকে বাঁ দিকের ফুটপাত ধরে ফার্মগেটের দিকে এগোলেই অন্তত ৫০ ফুট নিরাপত্তাবেষ্টনী কেউ খুলে নিয়েছে। এই পথ দিয়ে এগিয়ে আরও পাঁচটি জায়গার একই অবস্থা।

পার্কের মাঝামাঝি এমন একটি জায়গা দিয়ে ঢুকে কথা হলো কাঁঠালবাগানের বাসিন্দা মফিজুল হকের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, পার্কটির এক অংশ অরক্ষিত হয়ে পড়ায় এর ভেতরে ভবঘুরে ও মাদকাসক্তদের আনাগোনা বেড়ে গেছে। সি আর দত্ত রোডের অংশে মূল ফটকে দারোয়ান আছেন, কিন্তু আরেক দিক সম্পূর্ণ খোলা। এতে কী লাভ হলো?

রফিক আহমেদ নামের এক অভিভাবক তাঁর ছেলেকে নিয়ে এসেছিলেন সাইকেল চালানোর জন্য। দুই সপ্তাহ আগে বিকেলবেলা পার্কের ভেতরেই তাঁর এক প্রতিবেশীর ছিনতাইয়ের শিকার হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এমনিতে পার্কের কর্মচারীরা এর ভেতরেই থাকেন। এক পাশের ফুটপাতে বস্তি। অন্য পাশ খোলা। পরিবেশ ভালো থাকার তো কোনো পথই নেই।

পার্কে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে থাকা আবুল হাশেম বলেন, এক পাশের প্রায় পুরোটা খোলা থাকায় এখন যে পরিমাণ মানুষ পার্কে ঢোকে, তাতে নিরাপত্তা দেওয়ার কাজটি কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে কথা হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-১) মুন্সি আবুল হাশেমের সঙ্গে। এক পাশের নিরপত্তাবেষ্টনী না থাকার বিষয়ে আবগত আছেন জানিয়ে তিনি বলেন, ওই অংশে নতুন করে নিরাপত্তাবেষ্টনী লাগানোসহ পুরো পার্ক সংস্কার নিয়ে একটা পরিকল্পনা করা হয়েছে। কিছুদিনের মধ্যেই দরপত্র আহ্বান করা হবে।