অরক্ষিত পড়ে আছে সেন্ট মার্টিনের মেরিন পার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশ সংকটাপন্ন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের গলাচিপা গ্রামে পরিবেশ অধিদপ্তর নির্মিত মেরিন পার্কটি অরক্ষিত হয়ে পড়েছে। পার্কের মূল্যবান জিনিসপত্র, আসবাবসহ ভবনের দরজা-জানালা চুরি হয়ে যাচ্ছে। পার্কটি রক্ষণাবেক্ষণের জন্য সেখানে কেউ নেই। প্রভাবশালীদের হাতে তুলে দেওয়ার জন্য পার্কটি এভাবে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ-প্রতিবেশ রক্ষাসহ নানা পরিকল্পনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর ২০০৬ সালে গলাচিপা এলাকায় প্রায় তিন একর জমিতে ১৮ কোটি টাকা ব্যয়ে পার্কটি তৈরি করে। দোতলাবিশিষ্ট প্রধান কার্যালয় ছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য এখানে তৈরি করা হয় ছয়টি বাংলো, ১০০ জন ধারণক্ষমতার একটি ডরমিটরি। কোটি টাকা ব্যয়ে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার একটি সোলার প্যানেল ও আটটি উইন্ড টারবাইন স্থাপন করা হয়। কার্যালয়ে স্থাপন করা হয় ১৫টি কম্পিউটারসহ অত্যাধুনিক গবেষণা ল্যাব। প্রায় ৫০০ প্রজাতির সামুদ্রিক মাছ, শামুক-ঝিনুক, প্রবাল-শৈবাল, অমেরুদণ্ডী প্রাণী নিয়ে স্থাপন করা হয় একটি জাদুঘর। কিন্তু রক্ষণাবেক্ষণ এবং দেখভালের অভাবে পার্কটি অরক্ষিত হয়ে পড়েছে। লোকজন পার্কে ঢুকে মালামাল নিয়ে নিচ্ছে।গত ৮ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, পার্কের কাঁটাতার লোকজন কেটে নিয়ে গেছে। ভেতরে বিভিন্ন ভবনের দরজা-জানালা ভাঙা। কিছু দরজা-জানালা চুরি হয়ে গেছে। মাঠের এক পাশে স্থাপিত সোলার প্যানেল পড়ে আছে। খুঁটির ওপর স্থাপিত উইন্ড টারবাইনের আটটি পাখা মরিচা ধরে ভেঙে যাচ্ছে। নলকূপের ওপরের অংশ নেই। জাদুঘরের বেশির ভাগ সামুদ্রিক প্রাণী, প্রবাল-শৈবাল নষ্ট হয়ে গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জেলে বলেন, দুই বছর ধরে পার্কটি অরক্ষিত অবস্থায় রয়েছে। পরিবেশ অধিদপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী দুই বছরে এখানে রাত কাটাননি। নেকমের (বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট’) দুইজন কর্মচারী পাহারা দেওয়ার কথা থাকলেও অধিকাংশ সময় তাঁরা থাকেন না। ফলে লোকজন ঢুকে পার্কের মূল্যবান সম্পদ নিয়ে যাচ্ছে।সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, সিডব্লিউবিএমপির (কোস্টাল অ্যান্ড ওয়েটল্যান্ড বায়োডাইভারসিটি ম্যানেজমেন্ট প্রজেক্ট) আওতায় পরিবেশ অধিদপ্তর ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত পার্কটি তত্ত্বাবধান করে। এর পর প্রকল্পের মেয়াদ শেষ হলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা দ্বীপ ত্যাগ করেন। নির্জন এলাকা হওয়ায় পার্কের সম্পদ রক্ষা করা সম্ভব হচ্ছে না।নাম প্রকাশে অনিচ্ছুক দ্বীপের কয়েকজন জনপ্রতিনিধি বলেন, সরকারের একজন প্রতিমন্ত্রীর ভাই পার্কটি ইজারা নিয়ে ব্যবসা করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু প্রতিবেশ সংকটাপন্ন দ্বীপ এবং সংরক্ষিত এলাকা হওয়ায় তিনি এটি ইজারা নিতে ব্যর্থ হন। এখন পার্কটি অরক্ষিত দেখিয়ে তা দখলের পাঁয়তারা চালানো হচ্ছে।পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, মেরিন পার্কসহ প্রতিবেশ সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সেখানে পরিবেশ অধিদপ্তরের কেউ নেই। পার্কটির মূলবান সম্পদ নষ্ট হচ্ছে। ইতিমধ্যে চুরি হয়ে গেছে সাত-আটটি কম্পিউটার। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে গিয়ে তাঁর একার পক্ষে এসব রক্ষা করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলকে অবগত করা হলেও এ পর্যন্ত পার্কটি রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।