অরক্ষিত ম্যানহোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশ, কাঠ বা লাল কাপড় দিয়ে গাঁথা। কোথাও আবার তা-ও নেই। রাজধানীর বিভিন্ন সড়কে খোলা ম্যানহোল পড়ে আছে। প্রায়ই যানবাহন কাত হয়ে যায়। ভোগান্তি ও দুর্ঘটনার আশঙ্কা নিয়েই মানুষকে চলতে হচ্ছে।
শাহজাহানপুরে ২০১৪ সালের ডিসেম্বরে খোলা পাইপে পড়ে মারা যায় ছোট্ট জিহাদ। পরের বছরই শ্যামপুরের খেলা নর্দমায় পড়ে মারা যায় শিশু নীরব। রাজধানীতে এখনো অনেক ম্যানহোল ও নর্দমা অরক্ষিত। অনেক এলাকায় স্থানীয় লোকজন নিজ উদ্যোগে কিছু কিছু খোলা ম্যানহোলে সতর্কতা হিসেবে বাঁশ, কাঠ বা কাপড় লাগিয়েছেন।
গতকাল সোমবার রামপুরা থেকে মালিবাগ রেলগেটের ডিআইটি সড়কে অনেকগুলো অরক্ষিত ম্যানহোল দেখা যায়। বিটিভি ভবনের সামনেই একটি ম্যানহোলের ঢাকনা কাত হয়ে আছে। হাজিপাড়া এলাকায় খোলা ম্যানহোলের সংখ্যা বেশি। অনেকগুলো ম্যানহোলে বাঁশ দিয়ে রেখেছেন স্থানীয় লোকজন। নিঝুম আকতার ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার সময় ছেলের হাত ছাড়েন না। তিনি বলেন, ছোট মানুষ, ছেড়ে দিলেই দৌড় দেবে। ম্যানহোলগুলো যেভাবে খোলা আছে, কখন যে কী হয়।
প্রায় সব ধরনের যান চলাচল করে এ সড়কে। রিকশাগুলো প্রায়ই কাত হয়ে যায়। স্থানীয় কয়েকজন বলেন, দীর্ঘদিন ধরেই ম্যানহোলগুলো এ অবস্থায় পড়ে আছে। ডিএনসিসি অধীন এ ডিআইটি সড়ক। ডিএনসিসি অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী খন্দকার মাহবুব আলম বলেন, এ সড়কের তাঁদের দু-তিনটি ম্যানহোল থাকতে পারে। বেশির ভাগ ওয়াসার অধীন।
দক্ষিণ গোড়ান থেকে দক্ষিণ বনশ্রী পর্যন্ত এলাকার ম্যানহোলগুলো প্রায় ১০ দিন ধরে ঢাকনা খুলে রাখা হয়েছে ময়লা পরিষ্কারের জন্য। দক্ষিণ বনশ্রীর ফাল্গুনী এলাকায় প্রায়ই ম্যানহোল উপচে ওঠা পানিতে সড়ক সয়লাব হয়ে যায়। এ ছাড়া দশতলা মার্কেটের সামনের ম্যানহোলের ঢাকনা নেই।
রাজারবাগ পুলিশ লাইনের সীমানাপ্রাচীর ঘেঁষে ফুটপাতের নিচে নালা আছে। সেগুলোর স্লাব খুবই ঝুঁকিপূর্ণ। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, ‘আমরা এখন ম্যানহোলের কোনো কাজ করছি না। তবে কোনো ম্যানহোল অরক্ষিত থাকলে খোঁজ নিচ্ছি।’
গত বছরের ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন, রাজধানীর অধিকাংশ ম্যানহোল ওয়াসার নিয়ন্ত্রণাধীন। সংখ্যা প্রায় ৪০ হাজার। ক্ষতিগ্রস্ত ম্যানহোল সারাতে তখন তিনি ১৬১৬২ নম্বরে ফোন করার জন্য বলেন। এখানে ফোন করলে দ্রুত ম্যানহোল সারিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। নম্বরটি ওয়াসার। গতকাল ওই নম্বরে ফোন করে ম্যানহোল-সংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে বলা হয়, অনেক ধরনের সমস্যা নিয়েই ফোন আসে। তবে গতকাল ম্যানহোলের বিষয়ে তাঁরা একটি ফোন পেয়েছেন।