অরক্ষিত সীমান্ত এ বছরেই নিয়ন্ত্রণে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, এ বছরের মধ্যে পার্বত্য এলাকার অরক্ষিত সীমান্তের পুরোটাই বিজিবির নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। গতকাল শুক্রবার খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় ৫১ বিজিবি সদর দপ্তরের প্রশাসনিক ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, আগে অরক্ষিত সীমান্তের দুর্গম পাহাড়ে চোরাকারবারি ও অস্ত্র ব্যবসায়ীরা আশ্রয় নিত। এখন সীমান্ত বিজিবির নিয়ন্ত্রণে আসায় এবং টহল জোরদার করায় সন্ত্রাসীরা গহিন বনে আশ্রয় নিতে পারছে না। মিয়ানমার সীমান্তে বিজিবির কড়া নজরদারির কারণে ইয়াবা পাচার বন্ধ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, পার্বত্যাঞ্চলের ৪৭৯ কিলোমিটার অরক্ষিত সীমান্তের মধ্যে ৩৫টি বর্ডার পর্যবেক্ষণ পোস্ট (বিওপি) নির্মাণ করে ২২৮ কিলোমিটার এলাকা বিজিবি নিয়ন্ত্রণে এনেছে। অরক্ষিত বাকি সীমান্ত চলতি বছরের শেষের দিকে বিজিবির নিয়ন্ত্রণে চলে আসবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পূর্বাঞ্চলের আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম, খাগড়াছড়ি ২০৩ ব্রিগেডের আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব আলম, খাগড়াছড়ি সেক্টর অধিনায়ক কর্নেল সাজ্জাদ হোসেন, ৫১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামাল হোসেন ও দীঘিনালা সেনাজোন অধিনায়ক লে. কর্নেল মহসিন রেজা।