অরণ্যের শিশুটির আশ্রয় মিলল, নাম পেল অরণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরণ্যে ভোরে শিশুর কান্না, কোলে তুলে নিলেন এক মা। নামও রাখলেন অরণ্য। গতকাল শুক্রবার ভোরে আমেনা খাতুন নামের ওই মা নিজ বাড়ির পাশে কুড়িয়ে পান ফুটফুটে চেহারার শিশুটিকে। কোলে নিয়েই কপালে চুমু দিয়ে শুরু করেন সন্তানের প্রতি মায়ের আদর-ভালোবাসা। তাঁর দাবি, এখন থেকে তিনি তিন সন্তানের মা। এটি তাঁর কোলের সন্তান।

আমেনা খাতুন (৪৫) নামের এই মা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের বসির আহম্মেদ মণ্ডলের স্ত্রী। আমেনা জানান, শুক্রবার ভোরে হঠাৎ বাড়ির পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে তাঁর কানে। ভয়ে একা বের হতে না পেরে আম্বিয়া খাতুন নামের আরেক নারীকে সঙ্গে নেন। এগিয়ে যান জঙ্গলে। গিয়ে দেখতে পান একটি বস্তার ওপর রাখা আছে সদ্য ভূমিষ্ঠ এক ছেলে শিশু। পাশের বাড়ির শাহাবুল ইসলামের সহযোগিতায় আমেনা কোলে তুলে নেন শিশুটিকে।

আমেনা খাতুন আরও জানান, রাতে ফাঁকা স্থানে পড়ে থাকায় শিশুটির শরীর কিছুটা খারাপ হয়েছে। আর এ কারণে তিনি হাসপাতালে নিয়ে ভর্তি করেন শিশুটিকে। সুস্থ হলেই বাড়ি ফিরে যাবেন।

আমেনার বড় মেয়ে রাবেয়া বসরী ওরফে বন্যা দশম শ্রেণিতে পড়ছে। ছোট মেয়ে ফাতেমাতুজ জহুরা ওরফে বৃষ্টি তৃতীয় শ্রেণির ছাত্রী।

আমেনা খাতুনের বাবা ও স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, শিশুটি পাওয়ার খবর শুনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন দেখতে এসেছিলেন। তিনি শিশুটির নাম দিয়ে গেছেন অরণ্য। আমেনা খাতুনের স্বামী বসির আহম্মেদ মণ্ডল বলেন, ‘শিশুর কান্না মায়ের মন দুর্বল করে দেয়। তাই জঙ্গলের মধ্যে পড়ে থাকা এই শিশুটিও আমার স্ত্রীর মন দুর্বল করেছে। সে শিশুটিকে কোলে তুলে নিয়েছে। এতে আমি খুশি। আমরা শিশুটিকে সন্তান হিসেবে নিয়ে লালনপালনের মাধ্যমে বড় করে তুলব।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বাচ্চাটি পেয়ে তাঁরা স্বামী-স্ত্রী খুবই খুশি। তাঁরা একটি নাম রাখতে অনুরোধ করেছিলেন। অরণ্যে পাওয়ায় তাই নাম অরণ্য মণ্ডল রাখার কথা বললে তাঁরা গ্রহণ করেছেন।