অরাজকতা করলে আইনের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের নামে কেউ অরাজক অবস্থার সৃষ্টি করলে তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। জাতীয় সংসদে গতকাল বুধবার সরকারি দলের ফজিলাতুন্নেসা বাপ্পির প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের হরতালের নামে কেউ রাস্তায় নেমে যাতে গাড়ি পোড়াতে বা ভাঙচুর করতে না পারে, সে জন্য পুলিশি ব্যবস্থা জোরদার করাসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এজাতীয় অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।একই দলের সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ২০০৮-০৯ অর্থবছরে তিন কোটি ২২ লাখ মেট্রিক টন, ২০০৯-১০ অর্থবছরে তিন কোটি ৩২ লাখ মেট্রিক টন এবং ২০১০-১১ অর্থবছরে তিন কোটি ৪৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। চাহিদার নিরিখে দেশ বর্তমানে চালের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ফলে চলতি বছর বিদেশ থেকে কোনো চাল আমদানি করা হচ্ছে না। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে তিনি বলেন, রমজান মাসে ব্যবসার নামে কোনো অসাধু মুনাফালোভী যাতে পণ্যের দাম কৃত্রিমভাবে বাড়াতে না পারে, সে বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে টিসিবির কাছে ১০ হাজার ৭৮৮ মেট্রিক টন চিনি মজুদ রয়েছে এবং ২৫ হাজার মেট্রিক টন চিনি আমদানির জন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। ৩০ জুন এই চিনি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। ৪৩ লাখ ৭১ হাজার ৯৬৬ লিটার ভোজ্যতেল মজুদ রয়েছে। দুটি প্রতিষ্ঠানের সঙ্গে তেল সরবরাহের চুক্তি হয়েছে। এ সরবরাহ সম্পন্ন হলে ৬৮ লাখ ৪৭ হাজার ৮২৪ লিটার ভোজ্যতেল পাওয়া যাবে। টিসিবির কাছে এক হাজার ৩১৯ মেট্রিক টন মসুর ডাল মজুদ রয়েছে। তিন হাজার মেট্রিক টন মসর ডাল সরবরাহের জন্য চুক্তি হয়েছে। আরও আট হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের কার্যক্রম নেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ হাজার মেট্রিক টন ছোলা এবং এক হাজার মেট্রিক টন খেজুর সংগ্রহের কাজ চলছে। এগুলো রোজার আগেই পাওয়া যাবে।৩০৯টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা: ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ জানান, ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে সরকার গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৩০৯টি ইটভাটার মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে।বিমানবন্দরের নাম ভুল করলেন সাংসদ: খুলনা-১ আসনের সাংসদ ননীগোপাল মণ্ডল তাঁর প্রশ্নে পাশের জেলা বাগেরহাটের বিমানবন্দরের নাম ভুল উল্লেখ করেন। তিনি জানতে চান, মংলা বন্দরের অদূরে শাহজালাল বিমানবন্দরে প্রায় দুই যুগ ধরে কোনো উন্নয়ন নেই। এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না?জবাবে বিমানমন্ত্রী মোহাম্মদ ফারুক খান জানান, মংলা বন্দরের অদূরে বিমানবন্দরটির নাম খানজাহান আলী বিমানবন্দর। তিনি এই বিমানবন্দরের উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরেন।