অরাজনৈতিক তৃতীয় শক্তি এলে বিএনপি প্রতিহত করবে: ফখরুল
অসাংবিধানিক ও অরাজনৈতিক তৃতীয় শক্তি ক্ষমতায় আসতে চাইলে বিএনপি তা প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মির্জা ফখরুল এ ঘোষণা দেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপি তৃতীয় শক্তিতে বিশ্বাস করে না। তবে, রাজনৈতিক কোনো তৃতীয় শক্তি এলে স্বাগত জানাব। কোনো অসাংবিধানিক ও অরাজনৈতিক তৃতীয় শক্তিকে আমরা কোনো কালেই সমর্থন করিনি, করবও না; বরং প্রতিহত করব।’ দেশে চলমান রাজনৈতিক সংকটে তৃতীয় শক্তির সুযোগ নেওয়ার আশঙ্কা আছে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের একটি বক্তব্যের বিষয়ে প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আদালতে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা তখনই আদালতে যাব, যখন নিশ্চিত হব; ন্যায়বিচার পাব।’ আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, সংসদ নির্বাচন হতে হবে। এর কোনো বিকল্প নেই। এ নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে। ক্ষমতায় গেলে বিএনপি যুদ্ধাপরাধের বিচার করবে কি না, এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার বোধহয় হচ্ছে না, হচ্ছে মানবতাবিরোধী অপরাধের বিচার। চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার হয়নি, তাদের মাফ করে দেওয়া হয়েছে। আর আওয়ামী লীগ সরকার তো বলেছে, তারা সব মানবতাবিরোধী অপরাধীর বিচার শেষ করবে, তাহলে বিএনপির আর সুযোগ কোথায়?’রোহিঙ্গাদের ইন্ধন দিচ্ছে জামায়াত, জোটের এই শরিক সম্পর্কে স্থানীয় সরকার মন্ত্রীর অভিযোগের বিষয়ে বিএনপির অভিমত কী—এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘মন্ত্রীরা দায়িত্ব নিয়ে কথা বলেন কি না, তাঁদের বক্তব্যের তাৎপর্য কী হতে পারে, তা তাঁরা খতিয়ে দেখেন কি না, জানি না। এখন তাঁদের দায়িত্বই পড়ে গেছে, সুনির্দিষ্ট তথ্য দিয়ে এর প্রমাণ করা।’দেশের বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠান ডিআরইউর একটি নিয়মিত আয়োজন। গতকাল এই অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান উপস্থিত ছিলেন।