অরাজনৈতিক প্রতিষ্ঠানের নির্বাচনে আ.লীগের প্রার্থী!
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড, মিল্কভিটা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। আগামী ৮ জানুয়ারি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণায় সমবায়ীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও এখন তাতে ভাটা পড়েছে। কারণ প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক বিবেচনায় এনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় একক প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সমবায় সমিতি আইন ও বিধিমালা-২০০৪-এর ৪.২ উপধারায় উল্লেখ আছে, ‘সমবায়ের স্বাধীন হস্তক্ষেপহীন বিকাশের লক্ষ্যে সমবায় সমিতিগুলোকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।’ এরপরও মিল্কভিটাকে রাজনৈতিক বলয়ের মধ্যে আনা হচ্ছে। এতে নাখোশ প্রার্থীরা দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সম্ভাব্য প্রার্থীরা সিরাজগঞ্জ ও পাবনা জেলাসহ মিল্কভিটার আওতাভুক্ত সমবায়ীদের মধ্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সমবায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে পাবনা ও সিরাজগঞ্জ জেলার (ক ও খ) সমবায়ীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসিবুর রহমানের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শামসুল হককে প্রধান অতিথি করা হয়। সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে উপদেষ্টা করে শাহজাদপুরের সাংসদ চয়ন ইসলামকে আহ্বায়ক করে নয় সদস্যবিশিষ্ট নির্বাচনী বাছাই কমিটি গঠন করা হয়। ৪ নভেম্বর বাছাই কমিটি আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে তিনজনের নাম ঘোষণা করে। এঁরা হলেন—চেয়ারম্যান পদে মো. হাসিব খান, ভাইস চেয়ারম্যান পদে মো. শফিকুর রহমান, পরিচালক পদে ‘খ’ অঞ্চল থেকে মোছা. আঙ্গুরী বেগম। দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণার পর উপস্থিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি ছড়িয়ে পড়ে। অন্যান্য নেতা-কর্মীরা ওই সিদ্ধান্ত না মেনে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার জন্য ঘোষণা দেয়। এর পর থেকে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে মিল্কভিটার সাবেক চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান পদে মো. রইচ উদ্দীন, পরিচালক পদে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, আওয়ামী লীগের নেতা বদরুল আলম, মো. নজরুল ইসলাম, ফারুক হোসেন—এঁরা সবাই এখন নির্বাচনী প্রচারণায় নেমেছেন।উল্লাপাড়ার এ্যালংজানী দত্তপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির প্রতিনিধি মো. বরাত আলী বলেন, ‘দলীয়ভাবে একক প্রার্থীর নাম ঘোষণার বিষয়টি সমবায়ীরা মেনে নেননি। এটি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। সে কারণে রাজনৈতিকভাবে ঘোষণা দেওয়া প্রার্থীকে মেনে নেওয়ার প্রশ্নই উঠে না।’ শাহজাদপুরের সরিষাকোল প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির প্রতিনিধি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা সরাসরি নির্বাচন চাই। দলীয়ভাবে এসব প্রার্থীর নাম কীভাবে ঘোষণা করা হলো বিষয়টি বোধগোম্য নয়।’দলীয় প্রার্থী হিসেবে ঘোষিত মিল্কভিটার সাবেক চেয়ারম্যান মো. হাসিব খান জানান, ঘোষিত প্রার্থী দলীয় নয়। স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতারা তাঁকে সমর্থন দিয়েছেন। এটা কোনো রাজনৈতিক নির্বাচন নয়। যেকোনো দল যেকোনো প্রার্থীকে সমর্থন দিতেই পারে বলে তিনি মন্তব্য করেন।বাছাই কমিটির সদস্য শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসিবুর রহমান জানান, সমবায়ীদের মতামতের ভিত্তিতে গঠিত সিলেকশন কমিটি একক প্রার্থী হিসেবে তিনজনের নাম ঘোষণা করেছিল। এই সিদ্ধান্ত দলীয় নেতা-কর্মী ও কিছু সমবায়ী মানছেন না। যদি তাঁরা প্রার্থী হতে চান, তাহলে অবশ্যই সরাসরি ভোটের মাধ্যমেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘সমবায়ীদের কথা চিন্তা করে নির্বাচনের ঝামেলা এড়াতে সব সমবায়ীদের সম্মতি নিয়ে একক প্রার্থী হিসেবে একটি প্যানেলের নাম প্রকাশ করতে চেয়েছিলাম।’