মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের পৃথক কর্মসূচি
অরাজনৈতিক সংগঠন সরকার পতনের ডাক দিতে পারে না
হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি এবং ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজধানীতে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকেরা পৃথক কর্মসূচি পালন করেছেন। তাঁরা বলেছেন, হেফাজতে ইসলাম নিজেদের অরাজনৈতিক বলে দাবি করছে। কিন্তু সরকার পতনের ডাক অরাজনৈতিক সংগঠন দিতে পারে না বলে মত প্রকাশ করেন বক্তারা। মুক্তিযোদ্ধাদের সমাবেশ: হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবিরের নৈরাজ্য এবং কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। গতকাল মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা এ প্রতিবাদ জানান। মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বলেন, কোরআন শরিফ পোড়ানোর অপরাধে হেফাজতে ইসলামকে ক্ষমা চাইতে হবে। তারা নিজেদের অরাজনৈতিক দাবি করেও সরকার পতনের ডাক দিচ্ছে। মুক্তিযোদ্ধারা এটা হতে দেবে না। আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন, মহাসচিব (কল্যাণ) মো. মনিরুল হক, যুগ্ম মহাসচিব শরীফ উদ্দিন ও সফিকুল বাহার মজুমদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। শিক্ষকদের মানববন্ধন: হেফাজতে ইসলামের বর্বরতা ও তাণ্ডবের প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধন হয়। বক্তারা বলেন, একাত্তরে শান্তিবাহিনীর সহায়তায় পাকিস্তানি বাহিনী যেভাবে অগ্নিসংযোগ ও লুটপাট করেছিল, হেফাজতের কর্মীরাও সেভাবে মসজিদ, দোকানপাট, ব্যাংক-বিমা ও ব্যবসাপ্রতিষ্ঠানে তাণ্ডব চালিয়েছে। সভাপতির বক্তব্যে ফরিদ উদ্দিন আহমেদ বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি দেশকে মধ্যযুগীয় অন্ধকারে নিয়ে যাবে। এছাড়া শিক্ষক কামাল উদ্দিন, মাকসুদ কামাল, এস এম ইমামুল হক, অহিদুজ্জামান, শফিউল আলম ভূঁইয়া, মো. আখতারুজ্জামান, আ ব ম ফারুখ প্রমুখ বক্তৃতা করেন।
সাংবাদিক সমাবেশ: গণমাধ্যমের গাড়ি পোড়ানো ও সাংবাদিকদের ওপর হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের মূল ফটকের সামনে দুপুর ১২টায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ প্রতিবাদ সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী।