অরাজনৈতিক হত্যাকাণ্ডকে রাজনৈতিক বিবেচনা!
ব্যক্তিগত দ্বন্দ্বে খুন হয় গাজীপুরের টঙ্গীর এসএসসি পরীক্ষার্থী মো. আলতাফ হোসেন ও কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রমিক নজরুল ইসলাম। নিহত দুই ব্যক্তি ও আসামিরা কেউই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না। তবু দুটি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনা করে তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইতিমধ্যে আলতাফ হত্যা মামলা প্রত্যাহারও হয়ে গেছে। যদিও ওই মামলার এক আসামি গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছিল।
এ ছাড়া চাঁদপুরে ধর্ষণ, গাছ চুরি, টাকা চুরি, ভয়ভীতি প্রদর্শন, অর্থ আত্মসাতের মামলাসহ ১৬টি মামলা প্রত্যাহার করা হয়েছে। গত বছরের ২২ আগস্ট রাজনৈতিক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাগুলো প্রত্যাহারের নির্দেশ দেয়।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
টঙ্গী (গাজীপুর): ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বে ২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটায় টঙ্গীর দাড়াইল এলাকায় এসএসসি পরীক্ষার্থী আলতাফকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় তার মামা মো. হাশেম আলী চারজনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ আসামি মো. আফজাল, মো. সোহেল ও মো. শাহজালালকে গ্রেপ্তার করে। এর মধ্যে আফজাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
ওই মামলা প্রত্যাহারের জন্য গত ৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে গাজীপুরের মুখ্য বিচারিক হাকিমকে নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশ গ্রহণ না করতে মামলার বাদী ৩০ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেন। কিন্তু কাজ হয়নি। পরের মাসেই মুখ্য বিচারিক হাকিম মামলাটি প্রত্যাহার করেন।
বাদী হাশেম আলী প্রথম আলোকে জানান, আসামিরা কমপক্ষে ৩০ লাখ টাকার বিনিময়ে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে প্রত্যাহার করিয়েছে। অথচ আসামিরা কোনো দিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না। একই কথা জানান দাড়াইল এলাকার হিরন, লিটন, আকরামসহ কয়েকজন যুবক।
বাদীর আইনজীবী এম এ আউয়াল প্রথম আলোকে জানান, আসামিরা স্বীকারোক্তিতে পরিকল্পিত হত্যাকাণ্ডের কথা জানিয়েছে। মামলাটি কোনোভাবেই রাজনৈতিক নয়। তা ছাড়া সরকারি বিধিমোতাবেক রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য বিবাদীর আবেদনপত্রে জেলা প্রশাসকের সুপারিশ বাধ্যতামূলক। এ ক্ষেত্রে সেটিও মানা হয়নি।
মামলা প্রত্যাহারের ব্যাপারে কোনো আসামির বক্তব্য পাওয়া যায়নি। আসামি শাহজালালের ভাই আবদুল করিমের কাছে টাকা দিয়ে মামলা প্রত্যাহারের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে চাননি।
চৌদ্দগ্রাম (কুমিল্লা): এজাহারের বিবরণ অনুযায়ী, ২০০৪ সালের ৩১ জুলাই রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারের বেলঘর এলাকায় বাঁশের বেড়ার দোকানের শ্রমিক নজরুল ইসলামকে (২৫) কুপিয়ে হত্যা করে তাঁর সহকর্মী জিয়াউর রহমান ও অজ্ঞাতনামা এক ব্যক্তি। ঘটনার পর থেকে জিয়াউর পলাতক। পুলিশ তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। জিয়াউর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকলেও সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাংসদ মোয়াজ্জেম হোসেন আসামিকে নিজ এলাকার লোক বলে মামলা প্রত্যাহারের সুপারিশ করেন। পরে জাতীয় কমিটির সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি প্রত্যাহারের নির্দেশ দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান বলেন, ‘মামলাটি প্রত্যাহার-সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি আমার হাতে এসেছে। ওই আবেদনটি এখনো আদালতে জমা দেওয়া হয়নি।’
চাঁদপুর: রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশের আবেদনের সর্বশেষ সময় ছিল ২০০৯ সালের ১২ জুলাই। কিন্তু ওই সময়ের অনেক পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের এলাকা চাঁদপুর থেকে ধর্ষণ, গাছ চুরি, টাকা চুরি, ভয়ভীতি প্রদর্শন, অর্থ আত্মসাতের ১৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) বিরুদ্ধে করা একটি মামলাও রয়েছে। এসব মামলার ১৬টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্যাহার করা হয়।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন আলম পলাশ, চাঁদপুর; মোহাম্মদ আলম, টঙ্গী (গাজীপুর) ও এম এ কুদ্দুস, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি]