হাসিনা-খালেদার ফোনালাপের রেকর্ড ফাঁস
অরুচিকর বললেন এমাজউদ্দীন, হারুনের মতে সংলাপে বাধা হবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার ফোনালাপ প্রকাশ করা শুধু অসৌজন্যমূলকই নয়, অরুচিকরও। এতে করে আশু সংলাপের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা কিছুটা পিছিয়ে গেল। তাঁর মতে, অতি আগ্রহী কিছু মন্ত্রীর ‘ষড়যন্ত্রে’ এ ফোনালাপ প্রকাশ পেয়েছে।তবে আন্তরিকতা থাকলে ফোনালাপের রেকর্ড ফাঁস সংলাপে বাধা হবে না বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী হারুন অর রশীদ। তবে তিনি মনে করেন রেকর্ড ফাঁস বর্তমান পরিস্থিতিকে ঘোলাটে করেছে।ফোনালাপ প্রকাশের পর সংলাপের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে কি না, প্রথম আলো ডটকমের এমন প্রশ্নের জবাবে এমাজউদ্দীন আহমদ বলেন, কিছু অতি উত্সাহী লোক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে ঘিরে থাকেন। তাঁরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না। এঁদের ভাবমূর্তি জাতির কাছে কী, সে সম্পর্কে এঁরা জানেন না। দুই নেত্রী ‘পাবলিক ইস্যু’তে ‘প্রাইভেটলি’ কথা বলেছেন। তাঁরা বেশ কিছু বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন, এটি কোনোভাবেই প্রকাশ করা উচিত হয়নি। পরিস্থিতির আরও অবনতি হতে দেওয়া ঠিক হবে না।তবে এই রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন, তিনি এখনো আশাবাদী। তাঁর মতে, বাংলাদেশ অনেক এগিয়েছে। এই অগ্রগতি ধরে রাখতে হবে। অন্য কোনো দেশের সঙ্গে বিরোধ হলে যুদ্ধের আশঙ্কা ছিল। কিন্তু এ ঘটনা দেশের ভেতর ঘটছে। শীর্ষ নেতাদের বিষয়টি বুঝতে হবে। তাঁরাই সমস্যার সমাধান করবেন। রাজনৈতিক নেতাদের কাছে অসম্ভব বলে কিছু নেই। এমাজউদ্দীন আহমদ বলেছেন, ১৯৩৭ সাল থেকে নির্বাচন-প্রক্রিয়া শুরু হয়। নির্বাচনের ইতিহাস এখানে মাত্র ৭০ বছরের। কিছু ভুল হতে পারে। কিন্তু যেকোনো উপায়ে করা নির্বাচন দেশের ভেতরে-বাইরে গ্রহণযোগ্য হতে হবে। একতরফা নির্বাচন হলে তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না।অন্যদিকে হারুন অর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, দুই নেত্রীর ফোনালাপ ফাঁসে পরিস্থিতি ঘোলাটে হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত। সমস্যা থেকে উত্তরণে আন্তরিকতা থাকলে এটি বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে না। তিনি মনে করেন, ফোনালাপ ফাঁসের পরও শীর্ষ রাজনৈতিক নেতারা, বিশেষ করে দুই প্রধান নেত্রী সংলাপে বসে উদ্ভূত রাজনৈতিক সংকট নিরসন করে শান্তিপূর্ণ নির্বাচনের উদ্যোগ নেবেন। এর মাধ্যমে তাঁরা নতুন সরকার গঠনের প্রক্রিয়াকে এগিয়ে নেবেন।তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবির সমালোচনা করেছেন। প্রথম আলো ডটকমকে বলেন, ‘ক্ষমতাসীন সরকার কেন পদত্যাগ করবে, কেন রাজি হবে? বিরোধীদলীয় নেতা যদি প্রধানমন্ত্রীর জায়গায় থাকতেন তিনি কি পদত্যাগ করতেন?’হারুন অর রশীদের মতে, ১৯৯৬-এর চেয়ে ২০১৩-এর সার্বিক অবস্থা ভিন্ন। এ সরকারের আমলে ভোটারবিহীন মধ্য ফেব্রুয়ারির মতো কোনো নির্বাচন হয়েছে? প্রধান বিরোধী দল প্রতিটি নির্বাচনে অংশ নিয়েছে, জয়লাভ করেছে। ব্যালটের মাধ্যমে জনগণের যে অভিলাষ তা প্রমাণের সুযোগ দেওয়া দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ছাড় দিয়েছেন। বর্তমান মন্ত্রিসভা ভেঙে দিয়ে ছোট একটি মন্ত্রিসভা করার কথা তিনি বলতে পারতেন। তা না বলে তিনি সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন।