অরুণ সেন: সাহিত্যের সেতুবন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার বইমেলায় আগের তুলনায় বাংলাদেশের বই বেশ পাওয়া যায়
কলকাতার বইমেলায় আগের তুলনায় বাংলাদেশের বই বেশ পাওয়া যায়

অরুণ সেনের জন্ম ১৯৩৬ সালে। পূর্বপুরুষ পূর্ববঙ্গের হলেও আজন্ম কলকাতাবাসী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ শেষ করে কলকাতারই একটি কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেন অবসরকাল পর্যন্ত। পশ্চিমবঙ্গে বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতির এক বিশিষ্ট লেখক। তাঁর প্রবন্ধের বিষয়গৌরব এবং প্রাঞ্জল গদ্যের কুশলতা ব্যাপক সমাদৃত।
শিক্ষকতার শেষদিকে বাংলাদেশের সাহিত্যে তাঁর আগ্রহ ও চর্চার কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে বাংলাদেশ বিষয়ে অতিথি অধ্যাপক হিসেবে আমন্ত্রিত হন। সেখানকার কর্মসূত্রে বাংলা বিভাগের ওই বিষয়ের পাঠক্রম তৈরি করেন তিনিই। বাংলাদেশ ও তার সাহিত্য-সংস্কৃতি সম্পর্কে অনেক লেখালেখি, সেমিনারে ভাষণ বা পাঠ, বাংলাদেশ-বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ ইত্যাদি ক্ষেত্রে তাঁর সক্রিয়তা সর্বজনবিদিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় তিনি বাংলাদেশের সাহিত্য বিষয়ে বক্তৃতা দিয়েছেন বা নিবন্ধ পাঠ করেছেন। সেগুলোরই কয়েকটি নিয়ে তাঁর বই সাহিত্যের বাংলাদেশ।
অনেক দিন ধরেই তাঁর লেখালেখি, আগ্রহ নানা ক্ষেত্রে—বিষ্ণু দে, আধুনিক কবিতা, চিত্রকলা ও ভাস্কর্য, বাংলা বানান ইত্যাদি। এ ছাড়া বাংলাদেশের সমাজ ও সাহিত্য-সংস্কৃতি নিয়েও তাঁর চর্চা অনেককাল। বাংলাদেশ নিয়ে তাঁর কয়েকটি বই: দুই বাঙালি, এক বাঙালি, বাংলা বই বাংলাদেশের বই, সেলিম আল দীন: নাট্যকারের স্বদেশ ও সমগ্র, দুই বাংলায় রবীন্দ্রনাথ ও অন্যান্য। এ বিষয়ে তাঁর সম্পাদিত বই: বাঙালি ও বাংলাদেশ, দেশে বাংলাদেশে/বাঙালির আত্মসত্তার নির্মাণ, বাংলাদেশের নির্বাচিত উপন্যাস সংকলন, মোহাম্মদ রফিকের নির্বাচিত কবিতা ইত্যাদি। তাঁর রচিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ৪০-এর অধিক।

বাংলাদেশে অনেকবার এসেছেন। অনেক জায়গায় গেছেন। নিছক ভ্রমণে যেমন, তেমনি বিভিন্ন সেমিনারে অংশগ্রহণের জন্যও—ঢাকায়, সাভারে, চট্টগ্রামে। তাঁর আলোচ্য আবুল ফজল থেকে সেলিম আল দীন, কবি মোহাম্মদ রফিক ও লাতিন আমেরিকার সাহিত্য ইত্যাদি।

পরিচয়, সাহিত্যপত্র ও প্রতিক্ষণ—এই তিনটি পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্ন সময়ে। বাংলাদেশ ছাড়াও তাঁর আরেকটি বিশেষ আগ্রহের বিষয় কবি বিষ্ণু দে।