অরুণদ্যুতি চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে গতকাল সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ অন্য অতিথিদের সঙ্গে অরুণদ্যুতি ক্রিকেট ক্লাবের সদস্যরা l ছবি: প্রথম আলো
নীলফামারীতে গতকাল সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ অন্য অতিথিদের সঙ্গে অরুণদ্যুতি ক্রিকেট ক্লাবের সদস্যরা l ছবি: প্রথম আলো

নীলফামারীতে প্রথম আলো-ডিএসএ ক্রিকেট লিগ অরুণদ্যুতি ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত িলগের ফাইনালে নীলফামারী বয়েজ ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারায় অরুণদ্যুতি।
গতকাল বিকেলে নীলফামারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে নীলফামারী বয়েজ ক্রিকেট ক্লাব। ২৭ ওভার খেলে সব উইকেট হারিয়ে দলটি ৮৮ রান সংগ্রহ করে। জবাবে অরুণদ্যুতি ক্রিকেট ক্লাব নীলফামারী ২২.৫ ওভার বল খেলে ৬ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন অরুণদ্যুতি ক্রিকেট ক্লাবের আবদুল্লাহ আল রোমান।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, আগের মতো স্কুল-কলেজগুলোতে খেলাধুলা হচ্ছে না। খেলার মান উন্নয়নে ক্লাবগুলোকে পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন। ক্লাবগুলো শক্তিশালী হলে খেলার মানের উন্নয়ন হবে। পাশাপাশি ক্লাবগুলোর দায়িত্বশীলতাও বাড়বে। এ জন্য ক্লাবগুলোর তালিকা তৈরি করে তাদের চাহিদা অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তালিকা তৈরির কাজটি করতে হবে জেলা ক্রীড়া সংস্থাকে।
মন্ত্রী বলেন, ‘আমি থাকি বা না থাকি প্রথম আলো নীলফামারীর ক্রীড়া অঙ্গনের সঙ্গে যুক্ত থাকবে, এটা আমি আশা করি। শুধু খেলাধুলায় নয়, আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রসর হতে হবে।’ জেলার সব উপজেলাকে নিয়ে জেলা পর্যায়ে অচিরেই একটি সাংস্কৃতিক উৎসব পালনের জন্য জেলা প্রশাসককে আহ্বান জানান মন্ত্রী।
২০১১ সাল থেকে নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় প্রথম আলো-ডিএসএ ক্রিকেট লিগ ও প্রথম আলো ভলিবল অনুষ্ঠিত হয়ে আসছে।
গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘ক্রিকেট আমার ভালোবাসার জায়গা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনে আমি ক্রিকেট খেলতাম। এ কারণে এখনো খেলা দেখি, খবর রাখি, বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি।’
তিনি বলেন, ‘প্রথম আলো খেলার দিকে বিশেষ নজর রাখে। পত্রিকার পাতায় ক্রিকেট এবং ফুটবল দুটোই প্রাধান্য পায়। এ কারণে ক্লাব এবং খেলোয়াড়দের সঙ্গে আমার এবং প্রথম আলোর বিশেষ সখ্য গড়ে উঠেছে। খেলা এবং এর মান উন্নয়নে প্রথম আলো জড়িত আছে।’
মতিউর রহমান বলেন, ‘যা কিছু ভালো তার সাথে প্রথম আলো।’ সেই ভালোর সঙ্গে শিল্প, সাহিত্য, ক্রীড়া, সংস্কৃতি অবশ্যই জড়িত থাকতে হবে।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সিভিল সার্জন আবদুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন প্রমুখ।
গত ২৮ মার্চ থেকে নীলফামারী ক্রিকেট লিগ শুরু হয়। জেলার ১৩টি ক্রিকেট দল এ লিগে অংশ নেয়।