অরুণোদয় চন্দের স্মরণে আলোচনা
সরিষাবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শ্মশানের সাধারণ সম্পাদক অরুণোদয় চন্দের স্মরণে গতকাল মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ছিল তাঁর একাদশ মৃত্যুবার্ষিকী।
সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সরিষাবাড়ী শাখার সভাপতি রমেশ চন্দ্র সূত্রধর, কামরাবাদ কেন্দ্রীয় মহাশ্মশান কালীমন্দিরের সাধারণ সম্পাদক তাপস পাল, পূজা উদ্যাপন পরিষদের আইনবিষয়ক সম্পাদক পরমানন্দ ভৌমিক, দৈনিক করতোয়ার প্রতিনিধি হাসু মিয়া প্রমুখ।
গতকাল অরুণোদয় চন্দের পারলৌকিক শান্তি কামনায় রামকৃষ্ণ সেবাশ্রমে পূজা, গীতাপাঠ, প্রসাদ বিতরণ ও প্রার্থনা করা হয়েছে। কামরাবাদ কেন্দ্রীয় মহাশ্মশান কালীমন্দিরেও সংকীর্তন, প্রসাদ বিতরণ ও গীতা পাঠের আয়োজন করা হয়।
অরুণোদয় চন্দ ৬৭ বছর বয়সে ২০০৪ সালের ২৩ জুন মৃত্যুবরণ করেন। তিনি প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর বাবা।