অরুণ জেটলি ঢাকায়

ভারতের অর্থ ও করপোরেট–বিষয়ক মন্ত্রী অরুণ জেটলি তিন দিনের সরকারি সফরে আজ বিকেলে ঢাকায় এসেছেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে তাঁর এই সফর।
ভারতের অর্থমন্ত্রীর সঙ্গে অর্থসচিব সুভাস চন্দ্র গার্গ এবং পদস্থ সরকারি কর্মকর্তারা এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) ৩০ সদস্যের উচ্চপর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধিদল রয়েছে। ভারতের মন্ত্রী জেটলি আজ বিকেল সাড়ে পাঁচটায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একটি প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে যোগ দিয়েছেন।
জেটলি কাল বুধবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বাংলাদেশ ও ভারতের দুই অর্থমন্ত্রীর উপস্থিতিতে তৃতীয় ক্রেডিট লাইনের বাস্তবায়নের জন্য একটি ডলার ক্রেডিট লাইন চুক্তি স্বাক্ষরিত হবে বলে ধারণা করা হচ্ছে। গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি ভারতীয় ক্রেডিট লাইনের ঘোষণা দেওয়া হয়।
গত ছয় বছরে বাংলাদেশকে ভারতের দেওয়া সর্বমোট ক্রেডিট লাইনের পরিমাণ দাঁড়াবে আট বিলিয়ন মার্কিন ডলার। তৃতীয় ডলার ক্রেডিট লাইন চুক্তি স্বাক্ষরে বাংলাদেশের অগ্রাধিকারভিত্তিক কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা অর্জন করবে। দুই মন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে চুক্তিসংক্রান্ত একটি যৌথ ইন্টারপ্রেটিভ নোট স্বাক্ষরিত হবে। ঢাকায় সফরকারী ভারতীয় অর্থমন্ত্রী আগামীকাল পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ এবং ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘ভারত সরকারের ম্যাক্রো ইকোনমিক উদ্যোগ’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেবেন।
ভারতের মন্ত্রী জেটলি বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সঙ্গে নিয়ে ভারতীয় হাইকমিশনের পক্ষে ভারতীয় স্টেট ব্যাংক পরিচালিত ভিসা সার্ভিসে নগদ অর্থ ছাড়া লেনদেনের একটি নতুন প্রকল্প যৌথভাবে উদ্বোধন করবেন। দুই মন্ত্রী ভারতীয় এক্সিম ব্যাংকের ঢাকা প্রতিনিধি অফিস উদ্বোধন করবেন। জেটলি বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করবেন।