সরকারের ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। কয়েক কোটি টাকা বরাদ্দের পরও এ কার্যক্রমের অর্জন বলতে ১০ হাজার ভিক্ষুককে নিয়ে একটি জরিপ এবং ছয়জন ভিক্ষুককে পুনর্বাসন!
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক এ কার্যক্রম শুরু হয় ২০১০ সালে।
এ কার্যক্রমে এ পর্যন্ত ১৭ কোটি টাকা বরাদ্দের মধ্যে মোট ১২ কোটি ৩১ লাখ টাকা অর্থছাড় করা হয়েছে। জরিপ, আসবাবপত্র কেনা, ময়মনসিংহ ও জামালপুরে কিছু কার্যক্রম পরিচালনা বাবদ মোট ৭০ লাখ টাকা খরচ করা সম্ভব হয়েছে। গত অর্থবছরে এক কোটি টাকা বরাদ্দ ছিল। কোনো কাজ না হওয়ায় এ বরাদ্দের এক টাকাও খরচ হয়নি। এক কোটি টাকার মধ্যে ১০ লাখ টাকা রেখে বাকি টাকা সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য প্রকল্পে ব্যয় করা হয়েছে। এ পর্যন্ত পাঁচজন প্রকল্প পরিচালকের বদল ঘটেছে। যেসব শিশু ভিক্ষার সঙ্গে জড়িত তাদের জন্য বিভিন্ন পরিকল্পনা থাকলেও সে ধরনের কোনো কার্যক্রম শুরুই হয়নি। অথচ এ কার্যক্রমের আওতায় পরিচালিত জরিপ অনুযায়ী, ঢাকা শহরের ১০ হাজার ভিক্ষুকের মধ্যে ১২ বছর বয়স পর্যন্ত শিশু ভিক্ষুকের সংখ্যা ছিল ১০ শতাংশ । এদের প্রাথমিক ও কারিগরি শিক্ষা দেওয়ার কথা ছিল। অন্যদের নারী, পুরুষ, প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাগে ভাগ করে প্রশিক্ষণ দিয়ে স্বল্পমেয়াদি, দীর্ঘমেয়াদি পুনর্বাসন করার কথা ছিল।
কার্যক্রমটিতে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক নেই। সমাজসেবা অধিদপ্তরের আরেকটি প্রকল্পের প্রকল্প পরিচালককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ কার্যক্রম দেখভাল করতে বলা হয়েছে। অধিদপ্তরের আরেকজন অতিরিক্ত দায়িত্ব হিসেবে কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। এ ছাড়া আর কোনো জনবল এমনকি একজন পিয়নও নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ কার্যক্রম পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর যে প্রক্রিয়ায় ভিক্ষুকদের পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাস্তবায়ন সম্ভব না। কিছু টাকা আর রিকশা বা ভ্যান কিনে দিয়ে পুনর্বাসন করা সম্ভব নয়। এ ধরনের একটি কার্যক্রম শুরুর আগে বড় আকারের গবেষণা করার প্রয়োজন ছিল।
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী প্রথম আলোকে বলেন, এক এলাকা থেকে ভিক্ষুকদের সরিয়ে নেওয়ার পর আবার যাতে সেই এলাকা ভিক্ষুকে পরিপূর্ণ হয়ে না যায়, তা দেখতে হবে। ঈদের পরে এ কার্যক্রমটি নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অর্জন: ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকা শহরে ১০টি বেসরকারি সংগঠনের সহায়তায় ভিক্ষুক জরিপে ১০ হাজার ভিক্ষুকের ছবি ও তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্য থেকে পাইলট কর্মসূচিতে ময়মনসিংহ, বরিশাল, ঢাকা এবং জামালপুরের দুই হাজার ভিক্ষুকের তালিকা করে পুনর্বাসন করার কথা ছিল। জরিপের ফলাফল অনুযায়ী, ৮০.৪৮ শতাংশ নিজ জেলায় পুনর্বাসনে ইচ্ছুক বলে জানায়। ৯৩ শতাংশই সরকারের সহায়তা পেলে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেবে বলে জানায়। তবে কার্যক্রম বাস্তবায়নের সময় দেখা যায়, অনেক ভিক্ষুক যে ঠিকানা দিয়েছিলেন তা সঠিক নয়। অবশেষে ময়মনসিংহে ৩৭ জন ভিক্ষুককে রিকশা ও ভ্যান দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয় পাঁচ হাজার করে টাকা। তবে প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি জেলার সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহম্মদ রফিকুল হকের সঙ্গে কথা বলে জানিয়েছেন, ভিক্ষুকদের মধ্যে মাত্র ছয়জন প্রাপ্ত উপকরণ সঠিকভাবে ব্যবহার করছেন। এ ছাড়া উপকরণ বিক্রি করে ১৪ জন ঢাকা ফিরে গেছেন। উপকরণ নেওয়ার সময় ১৭ জন যে ঠিকানা দিয়েছিলেন, পরে গিয়ে আর তাঁদের সেখানে খুঁজে পাওয়া যায়নি।