অর্জনের স্বীকৃতি পেলেন ১০ তরুণ

নেতৃত্বের সম্ভাবনা ও অর্জনের স্বীকৃতি হিসেবে ১০ তরুণকে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) ও বিওয়াইএলসি গ্র্যাজুয়েট নেটওয়ার্ক (বিজিএন) যৌথভাবে পুরস্কার দিয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই তরুণদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের জনসংখ্যার বেশির ভাগ তরুণ। এই তরুণদের যত্ন নিতে হবে। তারা এই দেশের ভবিষ্যৎ। তরুণদের সঠিকভাবে যত্ন নিতে পারলে তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
এরপর স্পিকার ১০ তরুণের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন—উদ্ভাবনী উন্নয়নে অবদানের জন্য অঞ্জলি সরকার, দরিদ্র শিশুদের শিক্ষার উন্নয়নে কাজ করার জন্য সামাজিক প্রভাব বিভাগে মনজুরুল হাসান, পেশাগত দক্ষতা বিভাগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মমিনুল হক ও গ্রামীণফোনের ডিজিটাল চ্যানেলের বিশেষজ্ঞ অনিক সিনহা, প্রাতিষ্ঠানিক স্বীকৃতির জন্য সৈয়দ যাইনাব আহমেদ, শিক্ষা বিভাগে আবদুল্লাহ জুবায়ের, উদ্যোক্তা ও উদ্ভাবন বিভাগে অভীক আলম, ওসামা বিন নূর ও মাকসুদুল এ এম মণ্ডল আর গণমাধ্যম ও সংস্কৃতি বিভাগে মিম নোশিন নাওয়াল।
অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বিওয়াইএলসির তিন তরুণের হাতে সম্মাননা সনদ তুলে দেন।
দেশের বিভিন্ন মাধ্যমে তরুণদের মধ্যে সংযোগ গড়ে তোলা, সরকারি ও বেসরকারি খাতে প্রয়োজনীয় নেতৃত্ব ও প্রশিক্ষণ দেওয়ার কাজ করে থাকে বিওয়াইএলসি। বিওয়াইএলসির গ্র্যাজুয়েটদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন হলো বিজিএন। সমাজে নিজেদের নেতৃত্বের সম্ভাবনা ও অর্জনের জন্য ১০ তরুণকে বিওয়াইএলসি ও বিজিএন যৌথভাবে এ সম্মাননা দিয়েছে।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।