অর্জিত হয়েছে প্রাথমিক বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসির দাবিতে আন্দোলন শুরু হয়েছিল রাজধানীর শাহবাগ থেকে। তাঁর ফাঁসি কার্যকর হওয়ায় গতকাল বিকেলে সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। এ সময় সবাই ‘ভি’ চিহ্ন দেখান ছবি: প্রথম আলো
মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসির দাবিতে আন্দোলন শুরু হয়েছিল রাজধানীর শাহবাগ থেকে। তাঁর ফাঁসি কার্যকর হওয়ায় গতকাল বিকেলে সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। এ সময় সবাই ‘ভি’ চিহ্ন দেখান ছবি: প্রথম আলো

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি হওয়ায় তরুণ প্রজন্মের বিজয় অর্জিত হয়েছে। কিন্তু এখানেই থেমে যাওয়া যাবে না। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে তাদের নির্মূল করার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যেতে হবে। তবেই মুক্তিযুদ্ধের চেতনায় প্রকৃত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
গতকাল শুক্রবার শাহবাগের প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চের ‘বিজয় সমাবেশে’ বক্তারা এই সতর্কতা উচ্চারণ করেন। কাদের মোল্লার ফাঁসি কার্যকর স্থগিত করার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকা হয়েছিল এ সমাবেশ। ওই দিন রাতেই ফাঁসি কার্যকর হওয়ায় তা পরিণত হয় বিজয় সমাবেশে।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় গতকালের সমাবেশ। এতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা যারা মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি, তাদের গর্বের সঙ্গে কুখ্যাত রাজাকার কাদের মোল্লার ফাঁসির রায় বাস্তবায়ন নতুন বিষয় হিসেবে যোগ হয়েছে। আমরা পৃথিবীর কাছে মাথা উঁচু করে বলতে পারব, যুদ্ধাপরাধী মানবতাবিরোধীদের বিচার আমরা করেছি। ৫ ফেব্রুয়ারি তরুণ প্রজন্মের আন্দোলনের মাধ্যমে যে নতুন যাত্রা আমরা শুরু করেছিলাম, তার প্রথম বিজয় পেয়েছি।’গণজাগরণ মঞ্চের ছয় দফা দাবির সব কটি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান মুখপাত্র।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘জামায়াত-শিবির মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিতে দেশব্যাপী তাণ্ডব চালাচ্ছে। হেফাজতে ইসলাম আবারও তাণ্ডব চালাতে সমাবেশের ঘোষণা দিয়েছে। তাই বাংলাদেশ ও বাঙালি জাতিকে রক্ষা করতে হলে জামায়াত-শিবির ও হেফাজতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’

কাদের মোল্লার ফাঁসির রায়কে গণজাগরণ মঞ্চের জয় হিসেবে উল্লেখ করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, ‘কয়েক মাস ধরে জামায়াত-শিবির পাকিস্তানি কায়দায় গানপাউডার দিয়ে মানুষের ঘর পুড়িয়ে দিচ্ছে। পেট্রলবোমা দিয়ে পুড়িয়ে দিচ্ছে জ্যান্ত মানুষ। কিন্তু এ দেশের মানুষ যুদ্ধাপরাধীদের কাছে কখনোই মাথা নিচু করবে না।’

শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী। তিনি বলেন, ‘১৯৭২ সাল থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠেছে। মধ্যে অনেক ঘাত-প্রতিঘাত পেরোতে হয়েছে। কিন্তু আন্দোলন থেমে থাকেনি। এই তরুণেরাই আগামী দিনে জাতির ভরসা।’

উন্নয়নকর্মী খুশী কবির বলেন, ‘বলা হতো, যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তারা এর মর্ম বোঝে না। গণজাগরণ মঞ্চ দেখিয়ে দিয়েছে, তরুণ প্রজন্ম ইতিহাস ভোলে নাই।’

বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, ‘এবার সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি জামায়াত-শিবির নির্মূল ও তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’

সমাবেশে অন্যদের মধ্যে ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর সাহা, ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ, জাসদ ছাত্রলীগের সভাপতি শামছুল ইসলাম, ছাত্র ফ্রন্ট একাংশের সাধারণ সম্পাদক ইমরান হাবিব, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সভাপতি ইসহাক খান, সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হক খান প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে একাত্তরের শহীদ ও দুর্বৃত্তদের হামলায় নিহত গণজাগরণ মঞ্চের কর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতেই গড়ে উঠেছিল গণজাগরণ মঞ্চ। গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা দিলে প্রতিবাদে ক্ষুব্ধ তরুণেরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। একসময় তা লাখো মানুষের সমাবেশে রূপ নেয়। তীব্র আন্দোলনের মুখে আইন সংশোধন করে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের পাশাপাশি প্রসিকিউশনকে আপিলের সুযোগ দেওয়া হয়। এই প্রেক্ষাপটে সর্বোচ্চ আদালতে আপিল করা হলে গত ১৭ সেপ্টেম্বর কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় হয়।