অর্ডার অব দ্য রাইজিং সান পেলেন প্রবাসী বাংলাদেশি শিল্পী কাজী গিয়াসউদ্দিন
জাপান সরকার প্রতিবছর বসন্তকালে বিভিন্ন ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখার জন্য জাপানি নাগরিকদের পাশাপাশি বিদেশিদেরও বিশেষ পদক দিয়ে সম্মানিত করে থাকে। এ বছরের সম্মানিত ব্যক্তিদের তালিকা গতকাল শনিবার প্রকাশ করা হয়েছে। ৪ হাজার ১৫২ জন জাপানি নাগরিকের পাশাপাশি ১৪০ জন বিশিষ্ট বিদেশি নাগরিক এবার ১০টি ধাপে সম্মাননা পাওয়া ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত আছেন। তালিকায় অন্তর্ভুক্ত একমাত্র বাংলাদেশি হলেন জাপানপ্রবাসী শিল্পী কাজী গিয়াসউদ্দিন।
জাপান ও বাংলাদেশে আধুনিক অঙ্কনশিল্পের বিকাশ ঘটানোর মধ্য দিয়ে সাংস্কৃতিক বিনিময়ে অবদান রাখার জন্য এই বাংলাদেশি প্রবাসী শিল্পীকে সম্মাননা দেওয়া হচ্ছে। পঞ্চম ধাপের সম্মাননা, অর্ডার অব দ্য রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার রেস পদকে তাঁকে ভূষিত করা হচ্ছে।
সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড কর্ডন অব দ্য অর্ডার অব দ্য রাইজিং সান পাওয়া ১২ জন বিদেশির মধ্যে আছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট এবং মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির সভাপতি সিনেটর রবার্ট ফিলিপস কর্কার। দ্বিতীয় সর্বোচ্চ ধাপের সম্মাননা, অর্ডার অব দ্য রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার স্টার পেয়েছেন ২১ জন বিদেশি। তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক কাজুও ইশিগুরো।
এবারের সম্মানিত ব্যক্তিদের তালিকায় দক্ষিণ এশিয়া থেকে অন্তর্ভুক্ত হয়েছেন মোট তিনজন। কাজী গিয়াসউদ্দিন ছাড়া অন্য দুজন হলেন ভারতীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর কনফেডারেশনের সাবেক প্রধান নির্দেশক তরুণ দাস এবং কলম্বো বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জাপান-শ্রীলঙ্কা মৈত্রী সাংস্কৃতিক তহবিল পুরস্কার কমিটির যৌথ সভাপতি কার্লো ফনসেকা। বিদেশের বিভিন্ন জাপানি দূতাবাসে স্থানীয় কর্মী হিসেবে দীর্ঘদিন যাঁরা কাজ করেছেন, সে রকম বিদেশিদের সাধারণত শেষ দুই ধাপের সম্মাননা দেওয়া হয়।
কাজী গিয়াসউদ্দিন ১৯৭৫ সালে জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি নিয়ে চারুকলায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য জাপানে আসেন। স্নাতকোত্তর পর্যায়ের লেখাপড়া শেষ করে পরবর্তী সময়ে তিনি টোকিও চারুকলা ও সংগীত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি কোর্স সাফল্যের সঙ্গে শেষ করা প্রথম ছাত্র।
পরবর্তীকালে জাপানের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্বল্প সময়ের জন্য শিক্ষকতা করলেও মূলত ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করতে শুরু করেন কাজী গিয়াসউদ্দিন। জাপানের মতো চারুকলার প্রতিযোগিতামূলক বাজারে নিজের প্রতিভার গুণে নিজস্ব জায়গা তৈরি করে নিতে সক্ষম হন তিনি। বিমূর্ত ধারার ছবি আঁকার শিল্পী কাজী গিয়াসউদ্দিন ছবির মোটিফ বা উপাদান সংগ্রহ করে থাকেন বাংলাদেশের প্রকৃতির মধ্য থেকে। বাংলার প্রকৃতি রং ও আলোছায়ার সৌন্দর্য নিয়ে উপস্থিত হয় তাঁর ক্যানভাসে। অনেক দিন থেকেই জাপানের শিল্প-অনুরাগীদের কাছে এসব ছবি পৌঁছে দিচ্ছেন তিনি। ফলে বিমূর্ত ধারার ছবির শিল্পী হয়েও দুই দেশের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তুলেছেন তিনি। এবার সেই অবদানের স্বীকৃতি তিনি পেলেন জাপান সরকারের সম্মানিত এ পদক লাভের মধ্য দিয়ে।
আগামী ৮ মে টোকিওতে সম্রাটের প্রাসাদে এ বছরের সম্মানিত ব্যক্তিদের সংবর্ধনা জানানোর জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন জাপানের সম্রাট আকিহিতো ও প্রধানমন্ত্রী শিনজো আবে।