অর্ণব হত্যা মামলা লিভ টু আপিলের শুনানি আজ
সাতক্ষীরার চাঞ্চল্যকর অর্ণব হত্যা মামলায় হাইকোর্টের বেকসুর খালাস দেওয়া রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি আজ। বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন বেঞ্চে বাদীপক্ষে মামলা পরিচালনা করবেন ড. কামাল হোসেন।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাইহাটি গ্রামের বিমল কৃষ্ণ দাসের ছেলে অর্ণব দাস। আট বছরের শিশু অর্ণবকে টিয়ে পাখি দেওয়ার নাম করে ডেকে নিয়েছিলেন পাশের খলিসানি গ্রামের মুকুল গাজী। ২০০০ সালের ২১ জুন দুই চোখ উপড়ানো, ডান হাতবিহীন, দুই পায়ের রগকাটা অবস্থায় অর্ণবের লাশ উদ্ধার করা হয়।
২০০৭ সালের ২৮ নভেম্বর এই মামলায় দুজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন দণ্ড দিয়েছিলেন সাতক্ষীরার তৎকালীন জেলা দায়রা জজ আশিষ রঞ্জন দাস। বিচারপতি মো. আবু তারিকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ২০১০ সালের ২৪ অগস্ট জামিনে গিয়ে পলাতক থাকা মুকুল গাজীর যাবজ্জীবন দণ্ড বহাল রাখেন। অন্যদের বেকসুর খালাস দেন। আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করেন। কিন্তু তার আগেই সাতক্ষীরার তৎকালীন জেলা জজ আবুল হোসেন ফাঁসির দুই আসামি খলিলুর রহমান ও গোলাম ফারুককে মুক্তি দেন। পরে বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী গতকাল প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে একটি আদালত অবমাননা মামলা বিচারাধীন রয়েছে।
জামায়াতে ইসলামীর স্থানীয় সাংসদ রিয়াসত আলীর সুপারিশে ২০০৬ সালের ৩ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা বিবেচনায় খলিলুর রহমানের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিল।