অর্ণব হত্যা মামলার রায় দেওয়া শুরু
সাতক্ষীরার চাঞ্চল্যকর অর্ণব হত্যা মামলার রায় দেওয়া শুরু হয়েছে। বিচারপতি মো. আবু তারিক ও বিচারপতি মো. আব্দুল হাইয়ের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে গত রোববার শুনানি শেষ হয়। গতকাল সোমবার পুরো কর্মদিবস এই মামলার মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ-বিষয়ক রায় ঘোষণা চলে।গত রোববার বাদীপক্ষে অংশ নিয়ে আইনজীবীরা আদালতে বলেন, পূর্বশত্রুতার কারণে এই হত্যাকাণ্ড ঘটে, সাক্ষ্য-প্রমাণে সন্দেহাতীতভাবে এটি প্রমাণিত হয়েছে। রাষ্ট্রপক্ষে বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। তিন দিনের শুনানিতে বাদীপক্ষে ইউসুফ হোসেন ও খুরশীদ আলম খানও অংশ নেন। ২০০০ সালের ১৮ জুন টিয়াপাখি দেওয়ার নাম করে মুকুল গাজী নামে এক যুবক অর্ণবকে ডেকে নেন বলে এজাহারে অভিযোগ করা হয়। আট বছরের অর্ণব নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হয়। এ ঘটনায় ২০০৭ সালে দুজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।