
সাতক্ষীরার চাঞ্চল্যকর অর্ণব হত্যা মামলায় হাইকোর্টের বেকসুর খালাস দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে রাষ্ট্র ও বাদীপক্ষ। একই সঙ্গে খালাস পাওয়া পাঁচ আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ আজ সোমবার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেন।
এই পাঁচ আসামি হলেন—খলিলুর রহমান, গোলাম ফারুক, আবদুস সাত্তার, মতিয়ার রহমান ও সুশীল কুমার রায়।
গতকাল রোববার এ লিভ টু আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।
গতকাল বাদীপক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন ও খুরশীদ আলম খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ এফ এম মেজবাহ উদ্দিন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী জানান, একই সঙ্গে হাইকোর্টের রায়ে খালাস পাওয়া পাঁচ আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাদীপক্ষের কৌঁসুলি খুরশীদ আলম খান জানান, রাষ্ট্র ও বাদীপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে পাঁচ আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আত্মসমর্পণ করলে আসামিদের জামিন দিতে বলা হয়েছে।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাইহাটি গ্রামের বিমল কৃষ্ণ দাসের ছেলে অর্ণব দাস। আট বছরের শিশু অর্ণবকে টিয়ে পাখি দেওয়ার নাম করে ডেকে নিয়েছিলেন পাশের খলিসানি গ্রামের মুকুল গাজী। ২০০০ সালের ২১ জুন দুই চোখ উপড়ানো, ডান হাতবিহীন, দুই পায়ের রগকাটা অবস্থায় অর্ণবের লাশ উদ্ধার করা হয়।
২০০৭ সালের ২৮ নভেম্বর সাতক্ষীরার তত্কালীন জেলা দায়রা জজ আশিষ রঞ্জন দাস এই মামলায় খলিলুর রহমান ও গোলাম ফারুককে মৃত্যুদণ্ড এবং মুকুল গাজী, আবদুস সাত্তার, মতিয়ার রহমান ও সুশীল কুমার রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
২০১০ সালের ২৪ আগস্ট জামিনে গিয়ে পলাতক থাকা মুকুল গাজীর যাবজ্জীবন দণ্ড বহাল রাখেন হাইকোর্ট। অন্যদের বেকসুর খালাস দেন। আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করেন। কিন্তু তার আগেই সাতক্ষীরার তত্কালীন জেলা জজ আবুল হোসেন ফাঁসির দুই আসামি খলিলুর রহমান ও গোলাম ফারুককে মুক্তি দেন। পরে বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর স্থানীয় সাংসদ রিয়াসত আলীর সুপারিশে ২০০৬ সালের ৩ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা বিবেচনায় খলিলুর রহমানের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিল।