অর্থ অনুদানের প্রতিশ্রুতি আ.লীগ মেয়র প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ পৌরসভায় আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনে বিজয়ী হলে কবরস্থান ও মহাশ্মশানে নির্বাচন-পরবর্তী সময়ে অর্থ অনুদানের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র উত্তম কুমার সাহা। গতকাল মঙ্গলবার পৌর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী লিখিত বক্তব্যে অর্থ অনুদানের ঘোষণা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওবায়দুল হক চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী।
লিখিত বক্তব্যে মেয়র পদপ্রার্থী উত্তম কুমার বলেন, তাঁকে মেয়র নির্বাচিত করলে পৌরসভার কেন্দ্রীয় কবরস্থান ও মহাশ্মশানে ১৫ লাখ করে ও অন্যান্য কবরস্থানে পাঁচ লাখ করে টাকা অনুদান দেওয়া হবে।
এ ছাড়াও পৌরসভার অর্থায়নে ১০০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীকে ভাতা প্রদান, শিশু পার্কের উন্নয়ন, পৌরসভায় অ্যাম্বুলেন্স প্রদান, মেধাবী শিক্ষার্থীদের জন্য ট্রাস্ট গঠন, কম্পিউটার ল্যাব স্থাপন, আধুনিক বাস টার্মিনাল ও বিনোদন পার্ক নির্মাণ, পৌরসভার সব রাস্তাঘাট পাকাকরণ, সব মসজিদ ও মন্দিরে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতায়ন, স্থানীয় বদরবাবার মাজার উন্নয়ন ও পৌরসভার সব এলাকায় বিদ্যুতায়নের ঘোষণা দেন তিনি।
পৌরসভা নির্বাচন আচরণবিধিমালার ৪ নম্বর বিধিতে বলা হয়েছে, ‘কোনো প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষের কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল নির্বাচন-পূর্ব সময়ে সংশ্লিষ্ট পৌরসভা বা পৌরসভা এলাকায় অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান প্রদান করতে বা প্রদানে অঙ্গীকার করতে পারবে না।’
এ বিষয়ে মেয়র পদপ্রার্থী উত্তম কুমার সাহা বলেন, ‘বিধি মেনেই আমি ওই পরিকল্পনার কথা তুলে ধরেছি। তা ছাড়া নির্বাচিত হলে আমি কী করব, তা আমাকে পৌরবাসীর সামনে অবশ্যই তুলে ধরতে হবে।’
রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, সব প্রার্থীকেই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। কেউ তা লঙ্ঘন করলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।