লোকাল এলসির ক্ষেত্রে ৫ শতাংশ উৎসে কর কর্তনসহ অর্থ আইনের অসংগতি দূর করার ব্যাপারে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সংলাপে বসতে হবে। এর মাধ্যমে সমস্যার সমাধান না হলে প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া হবে।গতকাল বুধবার সকালে নগরের আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। অর্থ আইন ২০১২-এর ব্যবসা-বাণিজ্যের প্রতিকূল ধারাগুলো সংশোধনের দাবিতে এ গোলটেবিলের আয়োজন করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৈঠকে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন সাংসদ এম এ লতিফ। মূল প্রবন্ধ পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক সেলিম উদ্দিন। বক্তব্য দেন অর্থনীতিবিদ সিকান্দর খান, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, বিকেএমইএর শওকত ওসমান, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইলিয়াছ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক এম এ মালেক, বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. আবুল বাশার, এনসিসি ব্যাংকের উপমহাব্যবস্থাপক স্বপন কুমার দাশ, সিটি ব্যাংক এনএর হেড অব বিজনেস এম লতিফ হাসান প্রমুখ।সাংসদ এম এ লতিফ তাঁর বক্তব্যে বলেন, রাজস্ব নীতি নির্ধারণের ক্ষেত্রে আমলাদের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার কারণে গণতান্ত্রিক সরকারের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হচ্ছে। এ দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে। তা না হলে সামাজিক অবক্ষয় দেখা দেবে।সাংসদ ব্যবসায়ী ও পেশাজীবীদের বক্তব্য শোনার জন্য একটি সংলাপ আহ্বানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। কর আদায়কারী কর্মকর্তারা যাতে কোনো অনিয়ম করতে না পারেন, সে লক্ষ্যে চট্টগ্রাম চেম্বারের নেতৃত্বে একটি মনিটরিং সেল গঠন করে এক মাস অন্তর কর আদায়-সংক্রান্ত পরিসংখ্যান বুলেটিন প্রকাশের আহ্বান জানান তিনি।মূল প্রবন্ধে অধ্যাপক সেলিম উদ্দিন বলেন, স্থানীয় এলসির বিপরীতে সর্বোচ্চ ৫ শতাংশ হারে কর কর্তন সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা হ্রাস করবে, বাজারব্যবস্থায় ঋণাত্মক প্রভাব ফেলবে, ব্যয় বৃদ্ধি ঘটাবে এবং শিল্পায়ন বাধাগ্রস্ত হবে।চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম তাঁর বক্তব্যে বলেন, পাঁচ কোটি টাকার লোকাল এলসি খুলতে হলে শুরুতেই ২৫ লাখ টাকা উৎসে কর দিতে হবে, যার দায়ভার ব্যবসায়ী এবং সাধারণ ভোক্তাকেই বহন করতে হবে। এ ধরনের সিদ্ধান্তগুলো যথাযথ বিশ্লেষণের মাধ্যমে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি অনুরোধ জানান।চেম্বারের সভাপতি গোলটেবিল বৈঠকের মতামতগুলো বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবেন বলে জানিয়েছেন। এর মাধ্যমে কোনো সমাধান না হলে প্রয়োজনে ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থে আইনের আশ্রয় নেওয়ারও ঘোষণা দেন তিনি।গোলটেবিল বৈঠকে ব্যবসায়ী নেতারা, অর্থনীতিবিদ, সুশীল সমাজ, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধান, আয়কর আইনজীবী ও বিশেষজ্ঞ, শীর্ষস্থানীয় শিল্প ও আমদানিকারক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী উপস্থিত ছিলেন।