অর্থ আত্মসাতের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খলিলুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় নয় লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ৩ নভেম্বর মামলা দায়ের করা হয়েছে। আদালত বরগুনার সহকারী পুলিশ সুপারকে মামলার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী ও পাথরঘাটা মহাবিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য আকন মো. সহিদ বলেন, একজন প্রভাষকের নিয়োগ অনুমোদন করানোসহ দুটি সভায় বেশ কিছু সিদ্ধান্ত নিতে অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। সাংসদ গোলাম সবুরের স্বাক্ষরও জাল করা হয়েছে। এসব ঘটনায় মোট নয় লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।
একই ধরনের কথা জানিয়েছেন পরিচালনা পরিষদের সাবেক সদস্য আবদুল হালিম। তিনি আরও জানান, অধ্যক্ষ মো. খলিলুর রহমানের বিরুদ্ধে রজতজয়ন্তী অনুষ্ঠানের কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। এ ঘটনায় পরিষদের সভাপতি ও সাংসদ মরহুম গোলাম সবুরের কাছে লিখিত অভিযোগ করা হয়েছিল। যার তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি।
অভিযোগ অস্বীকার করে খলিলুর রহমান বলেন, ‘জাল স্বাক্ষরের ঘটনা আমি জানি না। অভিযোগকারীকেই তা প্রমাণ করতে হবে। কলেজের টাকা যৌথ হিসাবের মাধ্যমে পরিচালিত হয়। নিয়মমাফিক টাকা উত্তোলন করা হয়েছে।’
মামলার এজাহার ও পরিচালনা পরিষদের সাবেক সদস্যদের ভাষ্যমতে, গত ২৪ জুলাই পাথরঘাটা মহাবিদ্যালয় পরিচালনা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিচালনা পরিষদের সদস্য আলমগীর হোসেন। সভায় এর আগের তিনটি অর্থবছরের হিসাব-নিকাশে প্রায় পাঁচ লাখ টাকার ভুয়া ভাউচার অনুমোদন করা হয়।
এর আগে ৩ জুলাই আরেকটি সভায় গোসলখানা, শৌচাগার এবং পুরাতন ভবনের বিভিন্ন সামগ্রী কেনা ও মজুরি বাবদ প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ অনুমোদন করা হয়। ওই খরচে এক লাখ টাকা ভুয়া ভাউচার রয়েছে। এ ছাড়া এক প্রভাষকের নিয়োগ অনুমোদন করানো বাবদ অধ্যক্ষ ওই ব্যক্তির কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন।