অর্থ আত্মসাতের অভিযোগে ছয় কর্মচারী চাকরিচ্যুত
অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাগেরহাট সদর ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ছয় কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমানের সই করা এ-সংক্রান্ত আদেশ গত রোববার অভিযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছানো হয়েছে।
চাকরিচ্যুত ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এস এম এ লতিফ, একই উপজেলার সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পুলক চন্দ্র দাস ও রিতা রানী রায়, মাঠ সংগঠক মো. কামরুল ইসলাম, হিসাব সহকারী মো. ইব্রাহিম হোসেন এবং মঠবাড়িয়া উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সুদেব কুমার মুশিদ।
ভুয়া ব্যক্তির নামে ঋণ বরাদ্দ দেখিয়ে এবং ঋণগ্রহীতাদের ফেরত দেওয়া কিস্তি জমা না করে অর্থ আত্মসাতের পৃথক দুটি ঘটনা তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিরোজপুর অঞ্চলের উপপরিচালক শামীম আরা।
শামীম আরা বলেন, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের বাগেরহাট সদর উপজেলা কার্যালয়ের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে এবং একই ধরনের পৃথক ঘটনায় মঠবাড়িয়া উপজেলার এক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। তবে তিনি সুনির্দিষ্টভাবে আত্মসাৎ করা টাকার পরিমাণ জানাতে পারেননি।
বাগেরহাট সদর উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কার্যালয় সূত্রে জানা গেছে, বাগেরহাটের ওই পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ২০১৪ সালের মাঝামাঝি সময়ে প্রায় পৌনে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিললে ওই বছরের ৩ অক্টোবর তাঁদের বাগেরহাট সদর উপজেলা কার্যালয় থেকে তাৎক্ষণিক বদলির আদেশ দিয়ে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন কার্যালয়ে সংযুক্ত করা হয়।