অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ইসলামী ব্যাংকের বাগেরহাটের মংলা শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার একটি আবাসিক হোটেলের ব্যবস্থাপক বিধানচন্দ্র রায় মংলা থানায় মামলাটি করেন।মামলার আসামি ব্যাংকের ওই শাখা ব্যবস্থাপক মো. সাদেক আলী ও ক্যাশিয়ার ওমর ফারুক পলাতক রয়েছেন বলে পুলিশ সূত্র জানিয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, তাঁরা ছুটিতে রয়েছেন।এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে মংলা শহরের পাওয়ার হাউস সড়কে অবস্থিত ‘টাইগার’ নামের আবাসিক হোটেলের ব্যবস্থাপক বিধানচন্দ্র ইসলামী ব্যাংকের মংলা শাখায় যান। তিনি তাঁদের ব্যবসায়িক প্রতিষ্ঠান এম এ হানিফ ব্রাদার্সের অনুকূলে একই ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় অনলাইনের মাধ্যমে এক লাখ ৬০ হাজার টাকা জমা দেওয়ার জন্য ক্যাশ কাউন্টারে দাঁড়ান। এ সময় ক্যাশ কাউন্টারে জমা স্লিপ ও টাকা রেখে তিনি পকেট থেকে নিচে পড়ে যাওয়া কিছু টাকা তুলে নেন। এর পরই তিনি দেখেন কাউন্টারের সামনে জমা রাখা টাকা ও স্লিপ নেই। এরপর বিধানচন্দ্র জমা রসিদ ফেরত চাইলে ক্যাশিয়ার ওমর ফারুক তা দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ক্যাশে কোনো টাকা নেওয়া হয়নি।ঘটনাটি ব্যাংকের ব্যবস্থাপক মো. সাদেক আলীকে জানানো হয়। অভিযোগ পেয়ে ব্যবস্থাপক ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ বিধানকে দেখাতে সম্মত হন। কিন্তু বিকেল চারটায় বিধানকে জানানো হয়, টেকনিশিয়ান না থাকায় ভিডিওচিত্র দেখানো সম্ভব নয়। পরদিন টেকনিশিয়ান এলে বিধানকে ব্যাংকে আসার পরামর্শ দেন তিনি। এ ঘটনায় সোমবার রাতেই ওই গ্রাহক মংলা থানায় অভিযোগ দেন। পরদিন মঙ্গলবার ব্যাংকে গিয়ে বিধান জানতে পারেন ব্যবস্থাপক ও ক্যাশিয়ার দুজনই ছুটিতে রয়েছেন। পাশাপাশি ব্যাংক থেকে তাঁকে বলা হয়, সিসি ক্যামেরায় কোনো রেকর্ড নেই। বিষয়টি তিনি আবার পুলিশকে জানালে পুলিশ মামলাটি মঙ্গলবার সকালে এজাহারভুক্ত করে।অভিযোগের ব্যাপারে মুঠোফোনে একাধিকবার ব্যবস্থাপক মো. সাদেক আলী ও ক্যাশিয়ার ওমর ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সংযোগ পাওয়া যায়নি।ব্যাংকের সহব্যবস্থাপক মো. রহমত উদ্দিন হাওলাদার বলেন, বিধানচন্দ্র ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করার জন্য এই অভিযোগ করেছেন। ব্যবস্থাপক অফিসের কাজে খুলনায় এবং ক্যাশিয়ার শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে রয়েছেন। আর এক মাস ধরে কম্পিউটারের হার্ডডিস্কে পর্যাপ্ত জায়গা না থাকায় সিসি ক্যামেরায় রেকর্ড হয়নি। বিধানচন্দ্র রায় বলেন, মঙ্গলবার সকালে মামলা দায়েরের পরপরই ওই ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জমা দেওয়া এক লাখ ৬০ হাজার টাকা ফেরত এবং মামলা প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা মংলা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহি বলেন, আসামিরা পলাতক রয়েছেন বলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তাঁদের জিজ্ঞাসাবাদ করা গেলে মূল ঘটনা বেরিয়ে আসবে।