অর্থ আত্মসাতের অভিযোগে পিটিআই সুপার অবরুদ্ধ
অর্থ আত্মসাতের অভিযোগে গতকাল বৃহস্পতিবার নীলফামারীর প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট সাদিয়া আফ্রিনকে তাঁর কার্যালয়ে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন পিটিআইয়ের প্রশিক্ষণার্থী শিক্ষকেরা। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিব ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তাঁরা তালা খুলে দেন।
এ ঘটনায় প্রশিক্ষণার্থীরা (প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে জেলা প্রশাসক ববাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
কয়েকজন প্রশিক্ষণার্থী শিক্ষক অভিযোগ করে বলেন, ২০১২ সালের ২১ জুলাই সাদিয়া আফ্রিন নীলফামারী পিটিআইতে সুপার হিসেবে যোগদান করেন। চলতি শিক্ষাবর্ষে নীলফামারী পিটিআইতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদালয়ে ১৯৭ জন শিক্ষক প্রশিক্ষণের জন্য ভর্তি হন। তাঁদের নির্ধারিত ভর্তি ফি ১ হাজার টাকার স্থলে ২ হাজার ১০০ টাকা ও সংস্থাপন ফি বাবদ ৩০০ টাকা করে আদায় করেন সুপার। সরকার প্রতি মাসে প্রতিজন প্রশিক্ষণার্থীকে ১ হাজার ৫০০ টাকা করে সম্মানী দেয়। কিন্তু সুপার ফেল করানোর ভয় দেখিয়ে সম্মানীর টাকা আত্মসাৎ করছেন।
তাঁরা আরও বলেন, সুপার এখানে যোগদানের পর থেকে প্রায় কোটি টাকার দুর্নীতি করেছেন। তিনি হোস্টেলে বসবাসরত শিক্ষার্থীদের রান্নার কাঠ সরবরাহের নামেও লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। বিদ্যুৎ বিল সরকার দিলেও সুপার প্রশিক্ষণার্থীদের কাছ থেকে বিদ্যুৎ বিল আদায় করে আত্মসাৎ করছেন।
তবে অবরুদ্ধ হওয়ার কথা স্বীকার করলেও পিটিআই সুপার সাদিয়া আফ্রিন তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘দেশের সব পিটিআই যে নিয়মে চলে, আমি নীলফামারীতে সে নিয়মে পরিচালনা করছি।’
এ বিষয়ে কথা বললে অতিরিক্ত জেলা প্রশাসক এ জে এম এরশাদ আহসান হাবিব বলেন, ‘জেলা প্রশাসক বরাবর করা প্রশিক্ষণার্থীদের অভিযোগ পেয়েছি।’
জেলা প্রশাসক মো. জাকীর হোসেন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পিটিআইয়ের প্রশিক্ষণার্থী শিক্ষকেরা লিখিত অভিযোগ দিয়েছেন। একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।