অর্থ আত্মসাতের অভিযোগে পোস্টমাস্টার বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া পোস্টমাস্টার আবু বক্কারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার খুলনা ডেপুটি জেনারেল পোস্টমাস্টার মিজানুর রহমান তাঁকে বরখাস্ত করেছেন। কলারোয়া উপজেলার পোস্ট অফিস সূত্রে জানা যায়, উপজেলার চান্দুড়িয়া সাব-পোস্ট অফিসে অনলাইন সার্ভিস মোবাইল ব্যাংকিং চালু রয়েছে। ওই পোস্ট অফিসের সরকারি মোবাইলে পাঁচ লাখ টাকার লোড থাকার কথা। কিন্তু ওই অফিসের পোস্টমাস্টার আবু বক্কার গত ২৪ জুন থেকে মোবাইল ব্যাংকিংয়ের কোনো হিসাব দিচ্ছিলেন না। বিষয়টি কলারোয়া উপজেলা পোস্টমাস্টার সত্যপ্রসাদ বাইন খুলনা ডেপুটি জেনারেল পোস্টমাস্টারকে সোমবার (২ জুলাই) অবহিত করেন। মঙ্গলবার খুলনা ডেপুটি জেনারেল পোস্টমাস্টার মিজানুর রহমান ও পরিদর্শক (প্রশাসন) শেখর চন্দ্র সাহা চান্দুড়িয়া সাব-পোস্ট অফিস পরিদর্শন করে প্রমাণ পান মোবাইল ব্যাংকিংয়ের পাঁচ লাখ টাকা ঘাটতি রয়েছে। কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সাব-পোস্ট অফিসের পোস্টমাস্টার আবু বক্কার জানান, তিনি টাকা আত্মসাৎ করেননি। তবে অসাবধানতাবসত ও দক্ষ না হওয়ায় সরকারি ওই মোবাইল চালানোর সময় লোড করা পাঁচ লাখ টাকা অন্য কোনো মোবাইলে চলে গেছে। খুলনা ডেপুটি জেনারেল পোস্টমাস্টার মিজানুর রহমান বলেন, আত্মসাৎ করা পাঁচ লাখ টাকা উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার চান্দুড়িয়া সাব-পোস্ট অফিসের পোস্টমাস্টার আবু বক্কারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।