অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। অনিয়ম ও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদ ১ ডিসেম্বর সভা ডেকে সর্বসম্মতিক্রমে নূরুল ইসলামকে বরখাস্ত করে। পরিচালনা পর্ষদের সদস্যদের অভিযোগ, নূরুল ইসলাম চলতি বছরের ১৯ জানুয়ারি বিদ্যালয়ে যোগদান করেন। তিনি ১৩ এপ্রিল বিদ্যালয়ের একটি বড় পুকুর ছয় লাখ ৭০ হাজার টাকায় ইজারা দেন। বিধি অনুযায়ী ওই টাকা বিদ্যালয়ের তহবিলে জমা না দিয়ে তিনি নিজের কাছে রেখে দেন।বিদ্যালয়ের নথিপত্র সূত্রে ২০১১ সালের আয় হিসেবে দেখা গেছে, দাতা সদস্য আফজাল হোসেনের অনুদান ২০ হাজার টাকা, ১২ জন অভিভাবক সদস্যের কাছ থেকে নির্বাচনে মনোনয়নের ফি বাবদ আদায় করা ছয় হাজার টাকা, শিক্ষার্থীদের মাসিক বেতন আদায় বাবদ দুই লাখ ৩৪ হাজার ৯৫০ টাকা ও ছাত্রী ভর্তুকি বাবদ সরকারি তহবিলের ২৪ হাজার টাকাসহ মোট নয় লাখ ৫৬ হাজার ৯৫০ টাকা আয় হয়। পরিচালনা কমিটি আয়-ব্যয়ের হিসাব দেখতে চাইলে নূরুল ইসলাম তা দেখাতে গড়িমসি করেন। একপ্রর্যায়ে কমিটির কাছে তিনি দুই লাখ ৮৪ হাজার টাকা অননুমোদিত বিধিবহির্ভূত একটি খরচের হিসাব দাখিল করেন। এ ছাড়া তিনি কমিটির কৈফিয়তের জবাবে তিন লাখ ২৩ হাজার ২৫৫ টাকা খরচের অপর একটি হিসাব দেখান। উভয় হিসাব বিদ্যালয়ের নিয়োজিত বেসরকারি নিরীক্ষা কমিটি বাতিল করে। প্রধান শিক্ষকের দেখানো খরচের হিসাব দাখিলের পর বাকি ছয় লাখ ৭৫ হাজার ৯৫০ টাকার জন্য তাঁকে কমিটি চাপ দিলে তিনি অক্টোবর মাসে এক লাখ টাকা বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা দেন। তিনি তাঁর দেখানো খরচ ও ব্যাংকে জমা এক লাখ টাকার পরে বাকি টাকা পরিশোধের জন্য কমিটির কাছে সময় চেয়ে নেন। নির্ধারিত সময় পার হলেও তিনি টাকা ফেরত দিতে ব্যর্থ হন।প্রধান শিক্ষক নূরুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।